কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা প্রশাসন ভবনে তালা লাগানোর ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে হতাশা প্রকাশ করেছেন স্থানীয় সরকারি কর্মকর্তারা। তাঁরা বলেছেন, সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে পুলিশকে হরহামেশা মামলা করতে দেখা গেলেও এ ঘটনায় তাদের পক্ষ থেকে কোনো পদক্ষেপ লক্ষ করা যায়নি।
উপজেলা পরিষদ মিলনায়তনে দলীয় সমাবেশ করতে না পেরে গত সোমবার দুপুর থেকে বিকেল পাঁচটা পর্যন্ত স্থানীয় যুবলীগের নেতা-কর্মীরা উপজেলা প্রশাসন ভবনের ফটকসহ প্রায় সব দপ্তরে তালা লাগিয়ে দেন। এর আগে তাঁরা কর্মকর্তা-কর্মচারীদের ভবন থেকে বের করে দেন। ঘটনার পর দৌলতপুর থানার পুলিশ ও র্যাবের একটি দল সেখানে যায়।
উপজেলা প্রশাসনের কয়েকজন কর্মকর্তা অভিযোগ করেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা প্রশাসনিক ভবনে তালা লাগানো দেখেও যুবলীগের নেতা-কর্মীদের সঙ্গে খোশগল্পে মেতেছিলেন। তালা খোলার ব্যাপারে তাঁদের কোনো ভূমিকা লক্ষ করা যায়নি। এমনকি থানার ওসি ঘটনাস্থলেই যাননি। ঘটনার সময় প্রশাসনের কর্মকর্তারা নিরাপত্তাহীনতায় ছিলেন।
নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা প্রথম আলোকে বলেন, ‘সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে পুলিশ হরহামেশা মামলা করে। কিন্তু সোমবার এত কিছুর পরও সরকারি কাজে বাধা দেওয়ার ঘটনায় পুলিশ কোনো মামলা করল না।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অরুণ কুমার মণ্ডল বলেন, ‘ওসি সাহেব ঘটনাস্থলে আসেননি। সোমবার রাত সোয়া নয়টার দিকে তিনি (ওসি) ফোন করে খোঁজখবর নেন। এটা আমি কখনোই আশা করিনি।’
ইউএনও জানান, গতকাল মঙ্গলবার সকালে প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে তাঁর বৈঠক হয়েছে। তালা লাগানোর ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।
বিষয়টি সম্পর্কে জানতে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলামের মুঠোফোনে কয়েকবার ফোন করলেও তিনি ধরেননি।