ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ফেব্রুয়ারিতে ব্লগার অভিজিৎ রায়কে হত্যা এবং বাংলা বর্ষবরণের দিন নারী লাঞ্ছনার ঘটনায় পুলিশের ভূমিকায় অসন্তোষ প্রকাশ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটি। কমিটি বলেছে, যেসব ব্লগারকে হত্যা করা হয়েছে, হত্যার আগে তাঁদের হুমকি দেওয়া হয়েছিল। কিন্তু পুলিশ কোনো ব্যবস্থাই নেয়নি।
গতকাল রোববার সংসদ ভবনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠক শেষে কমিটির সভাপতি টিপু মুনশি সাংবাদিকদের বলেন, পয়লা বৈশাখ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র এলাকায় নারী লাঞ্ছনার ঘটনায় পুলিশের মহাপরিদর্শক ও স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর কথার মধ্যে মিল খুঁজে পাওয়া যায়নি। পুলিশ প্রথমে বলেছিল, এ ধরনের ঘটনা ঘটেনি। কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এখন আবার কয়েকজনের ছবি ছাপিয়ে পুরস্কার ঘোষণা করেছে। কয়েকজনকে নাকি শনাক্তও করেছে। এ রকম কেন হচ্ছে? যেটা সত্য সেটাই বলা উচিত।
গত বুধবার ‘আল কায়েদা-আনসারুল্লাহ বাংলা টিম-১৩’ নামের একটি সংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুহাম্মদ জাফর ইকবাল, প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কাবেরী গায়েন, সাংসদ তারানা হালিম, গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারসহ ১০ ব্যক্তিকে হত্যার হুমকি দিয়ে চিঠি দিয়েছে। কমিটির বৈঠকে এ বিষয়েও আলোচনা হয়।
টিপু মুনশির সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খাঁন, শামসুল হক, ফরিদুল হক খান, আবুল কালাম আজাদ, আবু সাঈদ আল মাহমুদ, ফখরুল ইমাম ও কামরুন নাহার চৌধুরী এবং পুলিশের বিশেষ শাখার অতিরিক্ত মহাপরিদর্শক জাবেদ পাটোয়ারি অংশ নেন।