পুলিশের ভূয়সী প্রশংসা করলেন চীনা ব্যবসায়ী
টাকা ফিরে পেয়ে চীনা ব্যবসায়ী পাঞ্জি ওয়াও পুলিশকে কী বলে ধন্যবাদ দেবেন, বুঝে উঠতে পারছিলেন না। একপর্যায়ে তিনি সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেনকে জড়িয়ে ধরলেন। বারবার পুলিশের ভূয়সী প্রশংসা করছিলেন তিনি।বুধবার রাতে সৈয়দপুর থানায় পাঞ্জি ওয়াও বলেন, তিনি খোয়া যাওয়া ২০ লাখ টাকার আশা ছেড়ে দিয়েছিলেন। কিন্তু এ দেশের পুলিশ এত চৌকস, তাঁর জানা ছিল না। এক দিনের ব্যবধানে সৈয়দপুর থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরে ঈশ্বরদী শহর থেকে প্রতারক দোভাষীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে পুলিশ। চীনা পুলিশ হলেও এ কাজটি এত সহজে করতে পারত না।ওই রাতে থানায় মনিরুল ইসলামকে পাঞ্জি ওয়াওয়ের মুখোমুখি করা হয়। এ সময় মনিরুলের চোখ ছল ছল করছিল। একপর্যায়ে হাউমাউ করে কেঁদে ফেলেন তিনি। এ দৃশ্য দেখে পাঞ্জি ওয়াও ওসিকে বলেন, ‘মনিরুলকে টর্চার করবেন না, তাঁকে ছেড়ে দেন। তিনি একটা ভুল করেছেন, আর এমন কাজ করবেন না।’ তবে মনিরুল বললেন, ‘না স্যার, আমাকে ছাড়বেন না। আমি দেশের ভাবমূর্তি নষ্ট করেছি। আমি পাঞ্জি ওয়াওয়ের সঙ্গে আট মাস কাজ করেছি। তিনি খুব ভালো মানুষ, আমার পাওনা পরিশোধে কোনো কার্পণ্য করেননি তিনি। আমি ভুল করেছি। লোভে পড়ে এতগুলো টাকা হাতিয়ে নিয়েছিলাম। আমাকে ক্ষমা করবেন না।’সৈয়দপুর থানার ওসি ইসমাইল হোসেন জানান, আইন নিজস্ব গতিতে চলবে। মনিরুলকে গতকাল বৃহস্পতিবার জেলহাজতে পাঠানো হয়েছে।