পুলিশের ভয়ে এলাকা তরুণ-যুবকশূন্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার ধুনটে নৌকাবাইচের মেলায় এক যুবক খুনের ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তারের ভয়ে এখন বিলচাপড়ি গ্রাম তরুণ-যুবকশূন্য হয়ে পড়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার এলাঙ্গী ইউনিয়নের বিলচাপড়ি গ্রামের বাঙ্গালী নদীতে নৌকাবাইচ উপলক্ষে ২৮ সেপ্টেম্বর থেকে ওই গ্রামে তিন দিনব্যাপী মেলার আয়োজন করা হয়। মেলায় নারীদের উত্ত্যক্ত করা ও জুয়া খেলার প্রতিবাদ করায় ৩০ সেপ্টেম্বর বিলচাপড়ি গ্রামের কয়েকজন যুবকের ছুরিকাঘাতে রাঙ্গামাটি গ্রামের জালাল ফকিরের ছেলে লিটন মিয়া (২৫) ঘটনাস্থলেই নিহত হন। স্থানীয় জনগণ ঘটনাস্থল থেকে বিলচাপড়ি গ্রামের আবদুল বাছেদের ছেলে দশম শ্রেণীর ছাত্র সুমন মিয়াকে (১৭) থানায় সোপর্দ করে। পুলিশ সুমনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠায়। এ ঘটনায় নিহত লিটনের ভাই গোলাম রব্বানী বাদী হয়ে ৩০ সেপ্টেম্বর সুমন মিয়াসহ সাতজনের বিরুদ্ধে থানায় মামলা করেন। বৃহস্পতিবার সকালে বিলচাপড়ি উচ্চবিদ্যালয়ে গিয়ে দেখা যায়, কাগজ-কলমে নবম শ্রেণীতে ৪২ জন ছাত্রছাত্রী থাকলেও বিদ্যালয়ে উপস্থিত ছিল মাত্র নয়জন। উপস্থিত ছাত্ররা জানায়, অনেক ছাত্র ঘটনার পর থেকে পুলিশের ভয়ে বিদ্যালয়ে আসে না। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম জানান, ঘটনার পর থেকে পুলিশের ভয়ে বিদ্যালয়ে ছাত্রদের উপস্থিতি কমে গেছে। এ ছাড়া দিনের বেলা কিছু তরুণ-যুবক এলাকায় দেখা গেলেও সন্ধ্যার পর কেউ এলাকায় থাকে না। বিলচাপড়ি আইডিয়াল কলেজের কয়েকজন ছাত্র জানায়, তাদের কলেজে ৪০ জন ছাত্র আছে। ঘটনার পর থেকে পুলিশের ভয়ে অনেক ছাত্র কলেজে আসে না। মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আবদুল হাকিম বলেন, মামলার এজাহারভুক্ত আসামি ছাড়া সাধারণ কোনো ব্যক্তির সমস্যা করা হচ্ছে না। এলাকাবাসীকে নিরাপদে থেকে ঘটনার সঙ্গে জড়িত প্রকৃত অপরাধীকে গ্রেপ্তার করতে পুলিশকে সহযোগিতা করার অনুরোধ করা হয়েছে।