কিশোরগঞ্জের নিকলীর জারইতলা ইউনিয়নের তিনটি গ্রাম আঠারবাড়িয়া, সাজনপুর ও জারইতলা পাঁচ দিন ধরে পুরুষশূন্য। জারইতলা উচ্চবিদ্যালয়ে সংঘর্ষের ঘটনায় দায়ের হওয়া মামলায় গ্রেপ্তারের ভয়ে গ্রামের পুরুষেরা সবাই গা ঢাকা দিয়েছেন বলে জানা গেছে।গত শনিবার বিএনপি নেতা ও ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সংবাদ সম্মেলন করে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের উসকানিতেই সংঘর্ষটি হয়েছে বলে অভিযোগ করেছেন। গত সোমবার দুপুরে জারইতলার সাজনপুর গ্রামের রেজিয়া বেগম, আঠারবাড়িয়া গ্রামের রহিমা আক্তার ও জারইতলা গ্রামের নাছিমা বেগমসহ কয়েকজন নারী জানান, কতক্ষণ পরপরই পুলিশ গ্রামে আসে। গ্রেপ্তারের ভয়ে বাড়ির পুরুষেরা তাই পালিয়ে বেড়াচ্ছেন। বাড়িতে পুরুষ না থাকায় চলতি বোরো মৌসুমে জমিতে পানি দিতে পারছেন না নারীরা। এ কারণে চাষের জমি ফেটে যাচ্ছে।নির্বাচন চলাকালে প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, ২১ মার্চ বিদ্যালয় কমিটির নির্বাচনের দিন বিকেলে আওয়ামী লীগ প্যানেল পরাজিত হচ্ছে বুঝতে পেরে প্রধান শিক্ষক ভোটকেন্দ্রের বাইরে এসে দলের সমর্থকদের উদ্দেশে বলেন, ‘অবস্থা ভালো না। তোরা কী করবি কর।’ এ কথা বলার সঙ্গে সঙ্গে এক দল লোক পুলিশ ও প্রতিপক্ষের লোকজনের ওপর হামলা চালায়। গত শনিবার মো. রইছউদ্দিন স্থানীয় পুড্ডা বাজারে সংবাদ সম্মেলন করেছেন। সেখানে তিনি অভিযোগ করেন, প্রধান শিক্ষক বেলায়েত হোসেনের উসকানিতেই সংঘর্ষটি হয়। বিদ্যালয় কমিটির নির্বাচনে বিএনপি-সমর্থিত প্যানেলের বিজয় ছিনিয়ে নিতে পরিকল্পিতভাবে এ সংঘর্ষ বাধানো হয়। এখন হামলাকারীরা প্রকাশ্যে ঘোরাফেরা করলেও তাদের গ্রেপ্তার করা হচ্ছে না। তিনি আরও জানান, মামলায় নাম উল্লেখ না করায় তিনটি গ্রামের প্রায় পাঁচ হাজার পুরুষ এখন গ্রামছাড়া। অপর দিকে প্রধান শিক্ষক বেলায়েত হোসেন অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমি একজন শিক্ষক হয়ে এ ধরনের কাজ করতে পারি না। আমার বিরুদ্ধে অহেতুক অপবাদ দেওয়া হচ্ছে।’নিকলী থানার ভারপ্তাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুঈদ চৌধুরী বলেন, নিরপরাধ কাউকে অযথা হয়রানি করা হবে না। প্রকৃত দোষী ব্যক্তিদেরই শুধু গ্রেপ্তার করে বিচারের আওতায় আনা হবে।