পুলিশের ভয়ে নদীতে ঝাঁপ দেওয়া তরুণের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিঠুন নন্দী
মিঠুন নন্দী

পুলিশের ভয়ে নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ থাকার দুই দিন পর মিঠুন নন্দী (১৮) নামের এক তরুণের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার নড়াইল সদর উপজেলার চিত্রা নদীর মিরাপাড়া ঘাট থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
মিঠুন নড়াইল শহরের বিশিষ্ট মিষ্টি ব্যবসায়ী শেখর নন্দীর ছেলে। তাঁর বাড়ি নড়াইল পৌরসভার ভাদুলিডাঙ্গা গ্রামে। মিঠুন এবার নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ থেকে এইচএসসি পাস করেন।
পুলিশ সূত্রে জানা যায়, গত শনিবার রাতে চিত্রশিল্পী এস এম সুলতান কমপ্লেক্স-সংলগ্ন চিত্রা নদীর ঘাটের পাশে বসে মিঠুন ও তাঁর চার বন্ধু গল্প করছিলেন। এ সময় শহরের রূপগঞ্জ পুলিশ ফাঁড়ির এটিএসআই মুরাদ হোসেনসহ দুজন পুলিশ সদস্য কমপ্লেক্সের পাশ দিয়ে যাচ্ছিলেন। মুরাদ জানতে চান, সেখানে কারা বসে আছেন। পুলিশের ভয়ে মিঠুন, অনিক ও দেবাশীষ নদীতে ঝাঁপ দেন। পরে অনিক ও দেবাশীষকে জীবিত অবস্থায় পাওয়া গেলেও মিঠুনের কোনো খোঁজ পাওয়া যায়নি। দুই দিন নিখোঁজ থাকার পর গতকাল সকালে মিরাপাড়া ঘাট থেকে মিঠুনের লাশ উদ্ধার করা হয়।
এটিএসআই মুরাদ হোসেন বলেন, নিয়মিত টহলের অংশ হিসেবে তিনি ওই দিন সুলতান কমপ্লেক্স এলাকায় যান। সে সময় তিন তরুণ নদীতে ঝাঁপ দিলে তাঁদের পাড়ে উঠে আসার অনুরোধ করেন। কিন্তু তাঁরা শোনেননি। এরপর ঘটনাস্থল থেকে শিমুল নামের একজনকে আটক করা হয় ও আরেকজন পালিয়ে যান।