পুলিশের ভয়ে নদীতে লাফ দেওয়া যুবকের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরে গোয়েন্দা পুলিশের তাড়া খেয়ে কুমার নদে লাফ দেওয়ার প্রায় ৩৪ ঘণ্টা পর মো. সেলিম মিয়ার (৩৫) লাশ উদ্ধার করেছে পুলিশ।

আজ মঙ্গলবার ভোর সাড়ে চারটার দিকে শহরের শরীয়তুল্লাহ বাজারের মাংসপট্টিসংলগ্ন পাকা ঘাটের পাশ থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।

সেলিম মিয়া শহরের আলীপুর বান্ধবপলি­ এলাকার বাসিন্দা। তাঁর বিরুদ্ধে মাদকসহ একাধিক মামলা বিচারাধীন।

এদিকে সেলিমের লাশ উদ্ধারের পর ঘটনার সঙ্গে জড়িত গোয়েন্দা পুলিশ সদস্যদের শাস্তির দাবি করে একটি প্রতিবাদ মিছিল করেছে এলাকাবাসী। পরে তারা ফরিদপুর কোতোয়ালি থানার সামনে জড়ো হয়ে বিক্ষোভ প্রদর্শন করে।

গত রোববার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে সেলিমসহ চারজন শরীয়তুল্লাহ বাজারের একটি আড়তে বসে তাস খেলছিলেন। এ সময়  গোয়েন্দা পুলিশের পরিদর্শক তোতা মিয়া অন্য পুলিশ সদস্যদের নিয়ে তাঁদের ধাওয়া করলে তাঁরা মাংস বাজারের পেছন দিক দিয়ে পালিয়ে কুমার নদে লাফিয়ে পড়েন। এর কিছুক্ষণ পর তিনজন নদী থেকে উঠে এলেও সেলিম আর উঠে আসতে পারেননি।

সেলিমের ভাই মো. মাসুদ মিয়া বলেন, ‘আমরা এ ব্যাপারে মামলার প্রস্তুতি নিচ্ছি।’

ফরিদপুরের গোয়েন্দা পুলিশের পরিদর্শক তোতা মিয়া বলেন, ‘আমরা মাদক উদ্ধার করতে গিয়েছিলাম। যারা নদীতে লাফ দিয়েছিল, তারা আবার উঠে এসেছে। সেলিম নামে কেউ নদীতে লাফ দিয়েছিল বলে আমার জানা নেই।’

এ ব্যাপারে সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. কামরুজ্জামান বলেন, বিষয়টি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোহসীনুল হক বলেন, এ ব্যাপারে একটি অপমৃত্যুর মামলা করা হবে। লাশ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর আইনি পদক্ষেপ নেওয়া হবে।