পুলিশের ভয়ে পালাতে গিয়ে আসামির মৃত্যু!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর সেনবাগে পুলিশের ভয়ে পালাতে গিয়ে আবদুর রেজ্জাক (৭০) নামে এক আসামি মারা গেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গত বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার পূর্ব ছাতারপাইয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আবদুর রেজ্জাক ওই গ্রামের মৃত রমজান আলীর ছেলে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত আনুমানিক দুইটার দিকে সেনবাগ থানার সহকারী উপপরিদর্শক উত্তম কুমার সরকার পূর্ব ছাতারপাইয়া গ্রাম থেকে একটি সিআর মামলার আসামি মোকছেদের রহমানকে (৬৫) আটক করেন।এ খবর শুনে ভয়ে একই মামলার আসামি মোকছেদের চাচাতো ভাই আবদুর রেজ্জাক ঘরের পেছনের দরজা দিয়ে পালিয়ে যাওয়ার সময় বাগানের একটি গাছের সঙ্গে ধাক্কা খেয়ে মাটিতে পড়ে গিয়ে ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনার পর বাড়িতে নিহতের পরিবারের লোকজনের চিৎকার-চেচাঁমেচি শুনে পুলিশ ওই বাড়িতে না গিয়ে ফিরে যায়।নিহত রেজ্জাকের ছেলে আলম হোসেন প্রথম আলোর কাছে অভিযোগ করেন, ‘যে মামলায় পুলিশ আমার বাবাকে গ্রেপ্তার করেতে এসেছিল, সেটি মিথ্যা ও ষড়যন্ত্রমূলক সাজানো মামলা। বাড়িতে পুলিশ আসছে শুনেই তাঁর বাবা দৌড় দেন এবং পুলিশের তাড়া খেয়েই তিনি মারা গেছেন।’একই অভিযোগ করেছেন ছাতারপাইয়া ইউনিয়নের চেয়ারম্যান আবদুর রহমানও। তিনি মুঠোফোনে প্রথম আলোকে বলেন, সন্ত্রাসী আর চিহ্নিত অপরাধীরা গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়ে প্রকাশ্যে ঘুরে বেড়ালেও পুলিশ তাদের ধরে না। কিন্তু যারা সাধারণ জায়গা-জমিসংক্রান্ত আদালতের মামলায় অভিযুক্ত তাদের ধরতেই পুলিশ ব্যস্ত।তবে, নিহত ব্যক্তির ছেলে এবং চেয়ারম্যানের অভিযোগ অস্বীকার করেছেন গ্রেপ্তার অভিযানে যাওয়া সেনবাগ থানার উপসহকারী পরিদর্শক (এএসআই) উত্তম কুমার সরকার। তিনি মুঠোফোনে বলেন, তিনি রেজ্জাকদের বাড়িতেই যাননি। ওই এলাকা থেকে ফিরে আসার প্রায় দুই ঘণ্টা পর এক ব্যক্তি তাঁকে ফোন করে বৃদ্ধের মৃত্যুর বিষয়টি জানান।একই দাবি করেন দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) আক্রাম হোসেন মজুমদার। তিনি প্রথম আলোকে বলেন, পুলিশ বৃদ্ধ রেজ্জাককে ধরতেও যায়নি, ধাওয়া করেনি। চেয়ারম্যান মিথ্যা অপবাদ ছড়াচ্ছেন। মোকছেদের রহমান নামে যে ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে, তাঁকে গতকাল শুক্রবার দুপুরে নোয়াখালীর বিশেষ বিচারিক হাকিমের আদালতে পাঠানো হয়েছে।