পুলিশের ভয়ে পালাতে গিয়ে গাঁজাসেবীর মৃত্যু!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুলিশ আসছে শুনে গাঁজার আসর থেকে দৌড়ে পালাতে গিয়ে গর্তে পড়ে রাজশাহীর বাঘা উপজেলায় যুগলীগের এক নেতার
মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার ঝিনা গ্রামে এ ঘটনা ঘটে।
ওই নেতার নাম আকবর আলী। বাড়ি উপজেলার তুলসীপুর গ্রামে। বাবার নাম সাহবাজ আলী। তিনি বাঘা উপজেলার মণিগ্রাম ইউনিয়ন যুবলীগের সভাপতি ছিলেন। এ ছাড়া তেঁতুলিয়ার শরিফাবাদ কলেজের জীববিজ্ঞান বিভাগের প্রদর্শক হিসেবে কর্মরত ছিলেন।
বাঘা উপজেলা যুবলীগের সভাপতি বাবুল ইসলাম জানান, আকবর আলী তাঁর সংগঠনের ইউনিয়ন সভাপতি ছিলেন। তবে তাঁর গাঁজা সেবনের অভ্যাস ছিল।
স্থানীয় লোকজন জানান, আকবর আলীসহ তিনজন ঝিনা গ্রামে রেললাইনের পাশে বসে গাঁজা সেবন করছিলেন। এ সময় পুলিশ আসার খবর শুনে তাঁরা পালানোর চেষ্টা করেন। কিন্তু পালাতে গিয়ে আকবর একটি গর্তে পড়ে যান। সেখান থেকে তিনি আর উঠতে পারেননি। অবস্থা খারাপ দেখে স্থানীয় লোকজন তাঁর মাথায় পানি ঢালেন। এ অবস্থায় তাঁর মৃত্যু হয়।
আকবরের চাচাতো ভাই আবদুল গনি বলেন, আকবর গাঁজা সেবন করতেন। ধারণা করা হচ্ছে, পালানোর সময় হূদেরাগে আক্রান্ত হয়ে তিনি মারা যান।
তবে বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বলেন, গাঁজা সেবন করতে গিয়ে যুবলীগের নেতার মৃত্যুর বিষয়টি তিনি জানেন না।