পুলিশের ভয়ে পালানোর পর সকালে পাওয়া গেল লাশ
রাতে পুলিশ দেখে ভয়ে পালানোর পর সকালে পাওয়া যায় মৃতদেহ। নিহত ওই ব্যক্তির নাম হোসেন মালিথা (৫৫)। রোববার গভীর রাতে কুষ্টিয়া শহরতলির বটতৈল ইউনিয়নের টাকিমারা এলাকায় এ ঘটনা ঘটে। গতকাল সোমবার সকাল ছয়টার দিকে বাড়ির পার্শ্ববর্তী খড়ের গাদার পাশ থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।এলাকাবাসী ও নিহতের পরিবারের লোকজন জানান, টাকিমারা এলাকায় একটি খুনের ঘটনাকে কেন্দ্র করে সেখানে বেশ কিছুদিন ধরে পুলিশের একটি অস্থায়ী ক্যাম্প রয়েছে। রাতে ওই এলাকায় তাদের নিয়মিত টহল চলে। রোববার রাত সাড়ে ১১টার দিকে হোসেন মালিথা তাঁর চাকরিজীবী বড় ছেলেকে শহরে কর্মস্থলে পৌঁছে দিয়ে বাড়ি আসেন। এর কিছু পরেই বাড়ির প্রধান ফটকে পুলিশ ধাক্কা দেয়। এ সময় গ্রেপ্তার-আতঙ্কে তিনি দৌড়ে পালিয়ে যান। পরে আর বাড়ি ফিরে আসেননি। আশপাশে খোঁজ করে না পেয়ে বাড়ির লোকজন ভেবেছিলেন তিনি কোনো প্রতিবেশীর বাড়িতে আশ্রয় নিয়েছেন। সকালে ফিরে আসবেন। সোমবার সকাল ছয়টার দিকে তাঁকে বাড়ির পার্শ্ববর্তী একটি খড়ের গাদার পাশে মৃত অবস্থায় পাওয়া যায়।এ ব্যাপারে কুষ্টিয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষায় টাকিমারা গ্রামে পুলিশ টহলের ব্যবস্থা নেওয়া হয়েছে। সে ক্ষেত্রে কেউ পুলিশ দেখে ভয়ে পালিয়ে যেতেই পারে। লাশের গায়ে আঘাতের কোনো চিহ্ন নেই। ধারণা করা হচ্ছে, তিনি হূদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন। তা ছাড়া নিহত ব্যক্তি মামলার আসামিও ছিলেন না।নিহতের ছোট ছেলে মাসুদুর রহমান প্রথম আলোকে বলেন, তাঁর বাবা পেশায় রাজমিস্ত্রি ছিলেন। পাঁচ-ছয় মাস আগে তিনি একবার স্ট্রোক করেছিলেন। তিনি মনে করেন পুলিশের আতঙ্কে তিনি স্ট্রোক করে মারা গেছেন। জেলা প্রশাসনের অনুমতি নিয়ে লাশ ময়নাতদন্ত ছাড়াই দাফন করা হয়েছে।গত ২৩ মার্চ টাকিমারায় বটতৈল ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান শাহীন সালাউদ্দিন ও সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী এনামুল হক সমর্থকদের মধ্যে সংঘর্ষে একজন নিহত হন। এ ঘটনার পর ওই এলাকায় ব্যাপক লুটপাট শুরু হলে সেখানে পুলিশ মোতায়েন করা হয়।