পুলিশের ভয়ে পুকুরে ঝাঁপ, লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর পবা উপজেলায় পুলিশের ভয়ে পুকুরে ঝাঁপ দেওয়ার দুই দিন পর এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। আজ রোববার দুপুরে উপজেলার সোনাডাঙ্গা পোড়াবিল এলাকার ধোপাড় পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত ওই ব্যক্তির নাম মকবুল হোসেন। তিনি পাশের শাহ মখদুম থানাধীন ভোলাবাড়ি এলাকার শামসুল ইসলামের ছেলে। তিনি মাছের ব্যবসা করতেন।

এলাকাবাসী জানান, মকবুল ও তাঁর কয়েকজন সঙ্গী তাড়ি খেয়ে গত শুক্রবার সন্ধ্যায় সোনাডাঙ্গা পোড়া বিল এলাকায় আসেন। এ সময় পুলিশের একটি টহল দল ওই এলাকায় উপস্থিত হয়। এ সময় মকবুল ও তাঁর সঙ্গীরা দৌড়ে পালিয়ে যান। মকবুল হোসেন পুকুরে লাফ দেন। মকবুল বাড়িতে ফিরে না যাওয়ায় তাঁর বাড়ির লোকজন খোঁজখবর শুরু করেন। রোববার পুকুরে তাঁর স্যান্ডেল ও পরনের লুঙ্গি ভাসতে দেখে এলাকাবাসী ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পবা থানা-পুলিশের একটি দল যৌথভাবে দুপুর ১২টার দিকে মকবুলের লাশ উদ্ধার করে। পরে পবা থানা-পুলিশের মাধ্যমে লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল কুমার চক্রবর্তী বলেন, কারও কোনো আপত্তি না থাকায় মকবুলের লাশ ময়নাতদন্ত ছাড়াই তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

পুলিশের ভয়ে মকবুলের পুকুরে ঝাঁপ দেওয়ার বিষয়ে জানতে চাইলে ওসি বলেন, ‘ওই এলাকায় গোয়েন্দা পুলিশ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পবা থানা-পুলিশ প্রায়ই টহল দিয়ে থাকে। সেখানে কোনো দল টহল দিয়েছিল এবং কার কথা শুনে তারা দৌড় দিয়েছে, এটা আমরা বলতে পারব না। পুলিশ কাউকে তাড়া দেয় না। মাদকসহ পেলে ধরে নিয়ে আসে। সেদিনও ওই এলাকা থেকে মাদকসহ একজনকে ধরে আনা হয়েছে।’