ঢাকার সাভার ও ধামরাই পৌরসভায় মেয়র পদে বিএনপির মনোনীত প্রার্থীদের একজন মামলা ও পুলিশের ভয়ে এলাকাছাড়া, তবে অন্য প্রার্থী নির্বিঘ্নে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
ধামরাইয়ে পৌর বিএনপির সভাপতি বর্তমান মেয়র নাজিম উদ্দিনকে এবং সাভারে পৌর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক বদিউজ্জামানকে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে।
জেলা বিএনপির একাধিক দায়িত্বশীল সূত্রে জানা গেছে, প্রথমে সাভার থেকে মনোনয়ন দেওয়া হয়েছিল পৌর বিএনপির সভাপতি ও বর্তমান মেয়র রেফাত উল্লাহকে। কিন্তু তিনি বিভিন্ন মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন। এ অবস্থায় দলের নেতা-কর্মীরা তাঁদের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন। কিন্তু নানা চাপের কারণে রেফাতের পরিবার নির্বাচন থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়। পরে দল থেকে বদিউজ্জামানকে মনোনয়ন দেওয়া হয়। কিন্তু মামলা আর পুলিশি হয়রানির ভয়ে আত্মগোপনে রয়েছেন তিনি।
এ ব্যাপারে কথা বলার জন্য বদিউজ্জামানের মুঠোফোনে একাধিকবার ফোন করেও বন্ধ পাওয়া যায়। তবে তাঁর স্ত্রী শিরিন আক্তার প্রথম আলোকে বলেন, দল তাঁর স্বামীকে মনোনয়ন দিলেও তিনি নির্বাচনী প্রচারণায় অংশ নিতে পারছেন না। নানা চাপ ও হয়রানির ভয়ে তিনি গা ঢাকা দিয়ে আছেন। তিনি বলেন, তাঁর স্বামী বদিউজ্জামানের বিরুদ্ধে ২০১০ সালে কেরানীগঞ্জ থানায় একটি মামলা ছিল। আদালতের মাধ্যমে তা নিষ্পত্তি হয়ে গেছে। এরপর সাভারসহ অন্য কোনো থানায় তাঁর বিরুদ্ধে আর কোনো মামলা হয়নি। হলফনামাতেও একই রকম তথ্য রয়েছে। এরপরও পুলিশ তাঁকে খুঁজে বেড়ায়।
বদিউজ্জামানের নির্বাচন পরিচালনার সঙ্গে যুক্ত আশুলিয়া থানা বিএনপির সহপ্রচার সম্পাদক জাহাঙ্গীর আলম বলেন, বদিউজ্জামান কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত নন। তাঁর বিরুদ্ধে কোনো মামলাও নেই। এরপরও তাঁকে নির্বাচনী এলাকায় ঢুকতে দেওয়া হচ্ছে না। তিনি আরও বলেন, শুধু প্রার্থী বদিউজ্জামানই নন, তাঁকেও পুলিশ দৌড়াচ্ছে। গত মঙ্গলবার রাতে তাঁকে ধরতে পুলিশ তাঁর বাসায় হানা দিয়েছিল। তিনি তখন বাসায় ছিলেন না।
এদিকে ধামরাইয়ে বিএনপির প্রার্থী দেওয়ান নাজিম উদ্দিন ভোটারদের কাছে ভোট প্রার্থনা করছেন। তিনি নিয়মিত পৌরসভায়ও যাচ্ছেন। হলফনামায় দেওয়া তথ্য অনুযায়ী, তাঁর বিরুদ্ধে হত্যাসহ ধামরাই থানায় দায়ের করা দুটি মামলার একটি উচ্চ আদালতের আদেশে স্থগিত রয়েছে। অন্যটি আদালতে বিচারাধীন।
নাম প্রকাশ না করার শর্তে উপজেলা আওয়ামী লীগের এক নেতা বলেন, দলের এক পদস্থ নেতার আশীর্বাদে বিএনপির মেয়র পদপ্রার্থী নাজিম উদ্দিন হয়রানির হাত থেকে রেহাই পেয়েছেন। এ ছাড়া মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়নবঞ্চিতদের একটি অংশও তাঁকে পরোক্ষভাবে সমর্থন দিয়ে যাচ্ছে।
তবে এসব মন্তব্য সঠিক নয় দাবি করে নাজিম উদ্দিন বলেন, তিনি এমন কোনো কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত নন যে পুলিশ তাঁকে খুঁজবে।