পুলিশের ভয়ে রাত জেগে গ্রাম পাহারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চোর বা ডাকাতের ভয়ে নয়। গ্রেপ্তার ঠেকাতে গ্রামবাসী দল বেঁধে লাঠি, বাঁশি ও ঝাঁটা হাতে রাত জেগে পাহারা দেন পুরো গ্রাম। পুলিশের ভয়ে রাত জাগার এই ঘটনাটি বগুড়ার ধুনট উপজেলার পৌর এলাকার দাসপাড়া গ্রামের।
একটি হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশের হাতে নিরপরাধ ব্যক্তিদের হয়রানির পরিপ্রেক্ষিতে পুলিশ ও গ্রামবাসীর মধ্যে বিরোধপূর্ণ এমন অবস্থার সৃষ্টি হয়েছে বলে এলাকার লোকজন জানিয়েছেন।
স্থানীয়রা জানান, পৌর এলাকার ইছামতী নদীর তীরে হিন্দু সম্প্রদায়-অধ্যুষিত একটি গ্রাম এই দাসপাড়া। এই গ্রামের অনিল চন্দ্র দাসের ছেলে অসীম কুমার দাস বিয়ের মাত্র এক দিন আগে গত ১৮ জানুয়ারি খুন হন। বেলা ১১টায় বাড়ি থেকে মাত্র ২০০ গজ দূরে পাশের সিরাজগঞ্জ জেলার কাজীপুরের একটি মাঠ থেকে অসীমের লাশ উদ্ধার করা হয়। এ ব্যাপারে ২০ জানুয়ারি প্রথম আলোয় ‘বিয়ের আগেই চিতায়’ শিরোনামে এ প্রতিবেদন প্রকাশিত হয়। ছেলে খুনের ঘটনায় অনিল চন্দ্র কাজীপুর থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা দায়ের করেন।
গ্রামবাসীর অভিযোগ, পুলিশ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত কাউকে না ধরে গ্রামের নিরপরাধ লোকজনকে গ্রেপ্তার করে নির্যাতন করছে। ঘটনার পর থেকে এ পর্যন্ত ২৫ জনকে গ্রেপ্তার করে পুলিশ। এর মধ্যে ২০ জনকে পরে ছেড়ে দিয়ে পাঁচজনকে জেলহাজতে পাঠানো হয়েছে।
নাম না প্রকাশ করার শর্তে গ্রামবাসী বলেন, মামলা দায়েরের পর থেকে এ পর্যন্ত গ্রামে আট থেকে দশ দফা অভিযান চালিয়েছে পুলিশ। সর্বশেষ ৭ এপ্রিল অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করা হয়। এরপর পুলিশের হয়রানি এড়াতে ১০ এপ্রিল থেকে পাহারা শুরু করেছেন গ্রামবাসী। প্রতি রাত ১০টা থেকে শুরু করে ভোর চারটা পর্যন্ত চলে এই পাহারা। ২০-২৫ জনের একটি দল লাঠি-বাঁশি-ঝাঁটা হাতে সারা রাত গ্রামে ঘুরে বেড়ায়।
গ্রামের এক কৃষক নাম প্রকাশ করার শর্তে বলেন, ‘পুলিশের ভয়ে অনেক দিন গ্রাম ছেড়ে ছিলাম। আর পারছি না। তাই গ্রেপ্তার এড়াতে নারী-পুরুষ মিলিয়ে প্রতিরোধ কমিটি করে রাতে গ্রাম পাহারা দিই।’
ধুনট পৌরসভার দাসপাড়া ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আল আমিন তরফদার বলেন, পুলিশ নিরপরাধ মানুষকে হয়রানি করে প্রকৃত খুনিদের আড়ালের চেষ্টা করছে। তাই গ্রামবাসী ঐক্যবদ্ধ হয়ে পাহারার ব্যবস্থা করেছেন।
কাজীপুর থানার পরিদর্শক আবদুল জলিল বলেন, গ্রামবাসীর মধ্যে দুটি ভাগ রয়েছে। তাই হত্যাকাণ্ডের মূল রহস্য উদ্ঘাটনে ঝামেলা হচ্ছে। বেশ কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেওয়া হয়েছে। শুধু সন্দেহভাজন ব্যক্তিদেরই জেলহাজতে পাঠানো হয়েছে। গ্রামবাসী বিষয়টি না বুঝে পুলিশের তদন্তকাজে বাধা সৃষ্টি করছেন।