পুলিশের ভয়ে ৯ গ্রাম পুরুষশূন্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘কয় দিন পরে ছেলেডার আইএ পরীক্ষা। কিন্তুক পুলিশির ভয়ে বাড়ি থাকতি পারতিছে না। পালায় বেড়াচ্ছে। পুলিশ দুই দিন বাড়ির পর আইছিল। জুয়ান বিটা-ছেলেপেলে সব পালাইছে। আমরা মাইয়ে মানুষ বাড়ি পাহারা দিচ্ছি।’ কথাগুলো বলছিলেন মাগুরার শালিখা উপজেলার গঙ্গারামপুর ইউনিয়নের কাঠিগ্রামের নেসপাতি বেগম (৫৫)।নেসপাতি বেগমের মতো পুলিশি আতঙ্ক বিরাজ করছে উপজেলার গঙ্গারামপুর ও বুনাগাতি ইউনিয়নের নয়টি গ্রামে। গ্রামগুলো হলো গঙ্গারামপুরের পুলুম, সোনাকুঁড়, মধুখালী, কাঠিগ্রাম ও ঘোষগাতি এবং বুনাগাতির বুনাগাতি, কুয়াতপুর ও হাটবাড়িয়া।স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২০ মার্চ রাতে পুলুম বাজারে ট্রাকের চাপায় কাঠিগ্রামের ব্যবসায়ী শেখ মাহমুদ হোসেন (৩৫) মারা যান। এ ঘটনার পর ট্রাকচালক ও তাঁর সহকারীকে পালানোর সুযোগ করে দেওয়ায় বিক্ষুব্ধ লোকজন পুলুম পুলিশ ফাঁড়ির তত্ত্বাবধায়ক সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. বাবুলকে লাঞ্ছিত করে। বাবুল সাধারণ পোশাকে থাকায় বিক্ষুব্ধ লোকজন তাঁকে চিনতে না পেরে লাঞ্ছিত করে। পরদিন মো. বাবুল বাদী হয়ে সরকারি কাজে বাধাদান এবং মারধরের অভিযোগে ১১ জন গ্রামবাসীর নাম উল্লেখসহ নয় গ্রামের অজ্ঞাতনামা আরও দেড় শতাধিক মানুষের নামে শালিখা থানায় মামলা করেন। ওই মামলার পর পুলিশ আসামি গ্রেপ্তারের নামে নানামুখী নির্যাতন শুরু করে। পুলিশ ইতিমধ্যে কাঠিগ্রামের বাসিন্দা গঙ্গারামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ (৪৫), ওই গ্রামের মিন্টু শেখ (২৫), পুলুম গ্রামের নওয়াব আলী (৩৬) ও ছলেমান ভূঁইয়াকে (৪৮) গ্রেপ্তার করে।গত বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত সরেজমিনে দেখা গেছে, কোনো বাড়িতেই তরুণ থেকে মাঝবয়সী পুরুষ মানুষ নেই। নারী, শিশু ও দু-একজন বৃদ্ধ বাড়িগুলো পাহারা দিচ্ছেন। কোনো কোনো বাড়িতে তালা ঝুলছে। এ সময় কান্না জড়িত কণ্ঠে পুলুম গ্রামের আয়েশা খাতুন বলেন, ‘আমার একটা ছেলে রকিবুল ইসলাম দশম শ্রেণীতে পড়ে। আরেক ছেলে সাকিবুল ইসলাম এবার এইচএসসি পরীক্ষা দেবে। ঘটনার সময় দুই ভাইয়ের কেউই সেখানে যায়নি। অথচ পুলিশের ভয়ে আমি ওদের মামার বাড়ি পাঠিয়ে দিয়েছি।’ কাঠিগ্রামের বৃদ্ধা ফয়জুন্নেছা (৭৫) বলেন, ‘আমার ছেলে মিন্টু ভাড়ায় মোটরসাইকেল চালায়। ওই দিন ভাড়া নিয়ে যশোর গিছিল। তার পরও পুলিশ ওরে ধরে নিয়ে খুব মারছে। জেলে পাঠাইছে।’ গৃহবধূ হাসিনা বেগম (৭০) বলেন, ‘রাত ১২টার দিক ১৫-২০ জন পুলিশ তাঁদের বাড়ি এসে দরজা খুলতে বলে। দরজা খুলতে দেরি হওয়ায় লাথি মেরে এবং রাইফেল দিয়ে গুতা মেরে দরজা ভেঙে ফেলে। পরে ঘরে ঢুকে জিনিসপত্র তছনছ করে।’ গঙ্গারামপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আমিনুর রহমান বলেন, এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। গ্রামের যুবক ও মাঝবয়সীরা এলাকার বাইরে চলে গেছেন। প্রথম দিকে বৃদ্ধরা পালিয়েছিলেন। এখন বৃদ্ধদের দু-একজন বাড়ি ফিরছেন।স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) আবদুস সালাম গত বুধবার প্রথম আলোকে বলেন, এএসআই মো. বাবুল ২১ মার্চ সকাল নয়টার দিকে ভর্তি হন। তবে তাঁর তেমন কোনো সমস্যা ছিল না। ভর্তির রেজিস্টারে তিনি তাঁর গ্রামের বাড়ি টাঙ্গাইল জেলার ঠিকানা দেন। তিনি ২৩ মার্চ রাত ১০টা থেকে পরদিন সকাল নয়টা পর্যন্ত বাড়ি যাওয়ার কথা বলে স্বাস্থ্য কমপ্লেক্সে অনুপস্থিত ছিলেন। রেজিস্টার খাতায় তিনি ওই অনুপস্থিতির জন্য কোনো অসুবিধা হলে কর্তৃপক্ষ দায়ী হবে না বলেও লিখিত দেন। এএসআই মো. বাবুল বলেন, এখন শ্বাসকষ্ট আছে। তবে হাসপাতাল থেকে চলে গিয়ে মানুষের ওপর নির্যাতন করা সম্পর্কে জানতে চাইলে তিনি কোনো উত্তর দেননি। এ ছাড়া এলাকার প্রতিটি বাড়ির ১৬-৫৫ বছর বছর বয়সী মানুষের তালিকা তৈরি সম্পর্কে তিনি বলেন, ‘আমি ওই সম্পর্কে কিছু জানি না। ওসি ও এসপি স্যার বলতে পারবেন।’শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, গ্রামের লোকজন এএসআই বাবুলকে মারধর করে গুরুতর আহত করেছে এবং ফাঁড়িতেও হামলা চালিয়েছে। এ জন্য তাদের একটু ঝামেলা তো পোহাতেই হবে। পুলিশ কেবল অভিযুক্ত লোকদের গ্রেপ্তারে তৎপরতা চালাচ্ছে।পুলিশ সুপার গত বুধবার প্রথম আলোকে বলেন, ‘দোষী লোকজনকে শাস্তি পেতে হবে। যারা পুলিশের কাজের বাধা দিয়েছে এবং হামলা চালিয়েছে, তাদের গ্রেপ্তারের জন্য পুলিশ তৎপরতা চালাচ্ছে। নিরীহ মানুষ যাতে হয়রানি না হয়, সে জন্য পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে। তবে ১৬-৫৫ বছর বয়সীদের তালিকা তৈরি সম্পর্কে আমার কিছু জানা নেই।’