পুলিশের মধ্যস্থতায় আংশিক বেতন পেলেন শ্রমিকেরা
সাভারের হেমায়েতপুর এলাকায় এলআরবি নামের একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা বেতন ও উত্সব ভাতার দাবিতে গতকাল মঙ্গলবার দিনভর বিক্ষোভ করেছেন। পরে পুলিশের মধ্যস্থতায় কারখানা কর্তৃপক্ষ সন্ধ্যার দিকে শ্রমিকদের আংশিক বেতন-ভাতা দেয়।উত্সব ভাতা দেওয়া না হলে আজ বুধবার কারখানার মালিকদের বাড়ি-গাড়ি ঘেরাওয়ের ঘোষণা দেন বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস শ্রমিক ফেডারেশন নারায়ণগঞ্জ জেলা শাখা।সাভার থানার পুলিশ ও এলআরবি কারখানার শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা যায়, গতকাল সকাল সাতটার দিকে তিন শতাধিক শ্রমিক কর্মস্থলে গিয়ে কারখানার মূল ফটকে তালা ঝুলতে দেখেন। শ্রমিকেরা কিছুক্ষণ অপেক্ষা করে কর্তৃপক্ষকে না পেয়ে কারখানার সামনে বিক্ষোভ করতে থাকেন। খবর পেয়ে সাভার থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের শান্ত করার চেষ্টা করেন। একপর্যায়ে পুলিশের কর্মকর্তারা কারখানা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন।সাভার থানার উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম জানান, পুলিশের অনুরোধে একজন কর্মকর্তা দুপুর দুইটার দিকে কারখানায় এলেও তিনি বেতন-ভাতা দিতে গড়িমসি করেন। প্রায় দুই ঘণ্টা আলোচনার পর গতকালই তিনি বেতন-ভাতা দেওয়ার আশ্বাস দেন। সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান জানান, সন্ধ্যায় মালিকপক্ষ শ্রমিকদের আংশিক বেতন-ভাতা পরিশোধ করেছে।গতকাল দুপুরে নারায়ণঞ্জ শহরের ২ নম্বর রেলগেট এলাকায় বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) কার্যালয়ে সংবাদ সম্মেলনে জানানো হয়, পোশাকশ্রমিকদের বেতন-ভাতা দেওয়া না হলে আজ কারখানার মালিকদের বাড়ি-গাড়ি ঘেরাও করা হবে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য দেন শ্রমিক নেতা জাহাঙ্গীর আলম। বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস শ্রমিক ফেডারেশন নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি মাহমুদ হাসানের সভাপতিত্বে বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় সমন্বয়কারী মাহবুবুর রহমান, বাসদের নারায়ণগঞ্জ জেলা শাখার সমন্বয়ক নিখিল দাস প্রমুখ।