পুলিশের মনোবল ভাঙেনি: আইজিপি
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক বলেছেন, পুলিশের মনোবল ভাঙেনি। তাঁরা জীবন বাজি রেখে জঙ্গিবাদ ও সন্ত্রাস মোকাবিলায় বদ্ধপরিকর। গতকাল রোববার পুলিশ সদর দপ্তরের এক বিজ্ঞপ্তিতে আইজিপি এ কথা বলেন।
আইজিপি জঙ্গিবাদ মোকাবিলায় দেশের সব শ্রেণি-পেশার মানুষের সার্বিক সহযোগিতা কামনা করেন এবং জঙ্গিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।
সিলেটের দক্ষিণ সুরমায় জঙ্গিবিরোধী অভিযানে কোর্ট ইন্সপেক্টর চৌধুরী মো. আবু কয়ছর এবং জালালাবাদ থানার পরিদর্শক (তদন্ত) মো. মনিরুল ইসলামের মৃত্যুতে শোক প্রকাশ করেন আইজিপি। তিনি বলেন, ‘শহীদ কয়ছর ও মনিরুল দেশের গর্ব, পুলিশ বাহিনীর গৌরব। তাঁরা দেশের জন্য আত্মোৎসর্গ করেছেন। তাঁদের এই আত্মত্যাগ পুলিশ সদস্যদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে। বাংলাদেশ পুলিশ চিরদিন কৃতজ্ঞতার সঙ্গে তাঁদের এই অবদান স্বীকার করবে।’