চট্টগ্রামে আইিজপি শহীদুল হক: নাশকতার বিরুদ্ধে সচেতনতা সৃষ্টিতে হেলিকপ্টার থেকে লিফলেট ফেলছে র্যাব
পুলিশের মনোবল ভেঙে দিতে গুজব ছড়ানো হচ্ছে
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) শহীদুল হক বলেছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে পুলিশের মনোবল ভেঙে দিতে গুজব ছড়ানো হচ্ছে। কিন্তু পুলিশ ঠুনকো বিষয় নয়। জঙ্গি কর্মকাণ্ড ও নাশকতার বিরুদ্ধে হার মানার সুযোগ নেই।
বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের চলমান কর্মসূচির প্রতি ইঙ্গিত করে শহীদুল হক বলেন, দেশে আন্দোলনের নামে মানুষ মারা হচ্ছে। একটি মহল এগুলো দেখে আনন্দ পায়। পেট্রলবোমা মেরে যদি আন্দোলন হয়, সেই আন্দোলন বন্ধ করতে হবে। পেট্রলবোমা মেরে যদি হরতাল-অবরোধ করা হয়, সেই হরতাল-অবরোধ বন্ধ করতে হবে। যদি সন্ত্রাসের কাছে আত্মসমর্পণ করা হয়, তাহলে দেশ পাকিস্তানের মতো অকার্যকর রাষ্ট্র হয়ে যাবে। তিনি বলেন, ‘আপনারা নিয়মতান্ত্রিক আন্দোলন করুন। আমাদের আপত্তি নেই।’
গতকাল বুধবার বিকেলে চট্টগ্রামের দামপাড়া পুলিশ লাইনস মেট্রোপলিটন শ্যুটিং ক্লাব মাঠে সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে পুলিশ বাহিনীর প্রধান এ কে এম শহীদুল হক এসব কথা বলেন।
এর আগে দুপুরে শ্যুটিং ক্লাবের সম্মেলনকক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন আইজিপি। এ সময় তিনি বলেন, যারা পেট্রলবোমা মারে, আগুন দিয়ে নাশকতা সৃষ্টি করে, তাদের বিরুদ্ধে পুলিশ জিরো টলারেন্স দেখাবে। নাশকতামূলক কর্মকাণ্ড কবে বন্ধ হবে—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘কবে বন্ধ হবে তাদের (নাশকতাকারীদের) জিজ্ঞেস করুন। আমরা আইনগত ব্যবস্থা নিচ্ছি।’
দেশের বর্তমান পরিস্থিতি স্বাভাবিক রয়েছে উল্লেখ করে মহাপরিদর্শক বলেন, ‘মহাসড়কে হাজার হাজার গাড়ি চলাচল করছে। আমি এসেছি। আপনারা এসেছেন। যা হচ্ছে চোরাগোপ্তা হামলা। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিচ্ছে পুলিশ।’
বিরোধী জোটের শীর্ষ নেতাদের গ্রেপ্তার করা হবে কি না, সাংবাদিকেরা এ বিষয়ে জানতে চাইলে এ কে এম শহীদুল হক বলেন, পুলিশ একটা কোয়াজি জুডিশিয়াল (আধা বিচারিক) সার্ভিস। এখানে তদন্ত কর্মকর্তারা বিচারকের দায়িত্ব পালন করেন। কারও বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হবে কি না, কাউকে গ্রেপ্তার করা হবে কি না, সেটি তদন্ত কর্মকর্তার এখতিয়ার। যদি কারও বিরুদ্ধে তদন্তে সাক্ষ্য-প্রমাণ পাওয়া যায়, তাকে গ্রেপ্তারে তদন্ত কর্মকর্তা ঊর্ধ্বতন কর্মকর্তা কিংবা অন্য কোনো সংস্থার সাহায্য চাইতে পারেন।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক মো. শফিকুল ইসলাম, নগর পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার এ কে এম শহিদুর রহমান, অতিরিক্ত কমিশনার বনজ কুমার মজুমদার, র্যাব-৭ চট্টগ্রামের পরিচালক লে. কর্নেল মিফতাহ উদ্দিন আহমেদ।
বিকেলে সুধী সমাবেশে সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী বলেন, ‘আপনারা নির্বাচনের দাবি করেছেন। নির্বাচন কি প্রতি সপ্তায়, প্রতি মাসে হয়? সংবিধান অনুযায়ী পাঁচ বছর পর হয়। আপনারা নির্বাচনে অংশ না নিয়ে সাধারণ মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। এই নাশকতা আমরা রুখব।’
চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলম বলেন, ‘চলমান নাশকতার কারণে আমদানি-রপ্তানি পণ্য পরিবহনে খরচ বেড়ে গেছে। পণ্য সরবরাহ করতে সমস্যা হচ্ছে। আমরা রাজনৈতিক স্থিতিশীলতা চাই। ব্যবসা করার পরিবেশ চাই।’
বিজিএমইএর পরিচালক সৈয়দ নজরুল ইসলাম বলেন, রাজনৈতিক অস্থিরতার কারণে বিদেশি ক্রেতারা উদ্বিগ্ন। সঠিক সময়ে মালামাল পৌঁছাতে না পারলে পোশাকশিল্প খাতে আঘাত আসবে। তিনি বলেন, মানুষ রাজনৈতিক স্থিতিশীলতা চায়। একই সঙ্গে পেট্রলবোমা হামলাকারীদের ধরে কঠোরভাবে দমন করতে হবে।
সুধী সমাবেশে সাবেক রাষ্ট্রদূত নুরুল আলম চৌধুরী, সিডিএর চেয়ারম্যান আবদুচ ছালাম, বিজিবির অতিরিক্ত মহাপরিচালক ও দক্ষিণ-পূর্বাঞ্চলের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. হাবিবুল করিম, পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তরা এবং পরিবহন সংস্থার প্রতিনিধিরা বক্তব্য দেন।
চট্টগ্রামে হেলিকপ্টার থেকে র্যাবের লিফলেট বিতরণ: নাশকতাকারীদের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টিতে র্যাবের হেলিকপ্টার থেকে লিফলেট (প্রচারপত্র) ফেলা হয়েছে। লিফলেটে নাশকতাকারীদের ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণার পাশাপাশি নাশকতাকারীদের তথ্য দিয়ে র্যাবকে সহায়তা করতে মানুষের প্রতি আহ্বান জানানো হয়েছে। গতকাল বেলা ১১টা থেকে দুপুর ১২ পর্যন্ত আগ্রাবাদ থেকে জিইসি মোড়, মিরসরাই, সীতাকুণ্ড ও হাটহাজারী উপজেলায় হেলিকপ্টার থেকে প্রায় সাত হাজার লিফটলেট ফেলা হয়।
র্যাব-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক সোহেল মাহমুদ জানান, ঢাকা থেকে আসা একটি হেলিকপ্টার থেকে মিরসরাই, সীতাকুণ্ড, হাটহাজারীসহ চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকায় ‘মা কাঁদছে জ্বলছে দেশ, ঘুরে দাঁড়াও বাংলাদেশ’ স্লোগান লেখা লিফলেট ফেলা হয়। লিফলেটে র্যাবের ১৪টি কার্যালয়ের মুঠোফোন নম্বর দেওয়া আছে। চট্টগ্রাম, ফেনী, কক্সবাজার, রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান অঞ্চলের কোনো নাশকতাকারীর তথ্য পেলে র্যাবের ০১৭৭৭৭১০৭০৩ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে লিফলেটে।