নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে এসিআই ফার্মাসিউটিক্যালস লিমিটেড কারখানার শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় দুটি মামলা হয়েছে। গত রোববার রাত সাড়ে ১১টায় পুলিশ বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা দুটি দায়ের করে। তবে এ ঘটনায় গতকাল সোমবার সন্ধ্যা পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি। রোববার রাতেই কর্তৃপক্ষ কারখানাটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে।সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম বদরুল আলম জানান, কারখানার শ্রমিক এনামুল হক নিহত হওয়ার ঘটনায় হত্যা মামলা এবং সরকারি কাজে বাধা, পুলিশের ওপর হামলা ও ভাঙচুরের অভিযোগে মামলা হয়েছে। সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) জাকির হোসেন বাদী হয়ে মামলা দুটি করেন। এনামুল হত্যা মামলায় অজ্ঞাতনামা তিন-চার শ জনকে আসামি করা হয়। অপর মামলায় ৩০ জন শ্রমিকের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা তিন-চার শ জনকে আসামি করা হয়েছে।ওসি বদরুল আলম আরও জানান, ময়নাতদন্ত শেষে রোববার রাতে এনামুলের লাশ রংপুরে তাঁর গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে। এসিআই কর্তৃপক্ষ কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে। কারখানার সামনে পুলিশ মোতায়েন রয়েছে। এ ঘটনায় তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।থানা সূত্রে জানা গেছে, নিহত এনামুলের পরিবার বা কারখানা কর্তৃপক্ষ গতকাল সোমবার বিকেল পর্যন্ত থানায় কোনো মামলা বা অভিযোগ করেনি। এসআই জাকির হোসেনের করা মামলার এজাহারে বলা হয়, রোববার কারখানার শ্রমিকেরা চাকরি স্থায়ীকরণ ও মজুরি বাড়ানোর দাবিতে বিক্ষোভ করছিলেন। একপর্যায়ে দুপুরের দিকে শ্রমিক-পুলিশ-বহিরাগতদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ সময় পাল্টাপাল্টি ধাওয়ায় শ্রমিক এনামুল জখম ও আঘাতপ্রাপ্ত হন। নারায়ণগঞ্জ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। অপর মামলার অভিযোগে বলা হয়, শ্রমিকদের বিক্ষোভের খবর পেয়ে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করে। কিন্তু বিক্ষুব্ধ শ্রমিকেরা পুলিশের ওপর হামলা চালান এবং গাড়ি ভাঙচুর করেন।গতকাল কারখানা এলাকায় গিয়ে কারখানার সামনে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন থাকতে দেখা যায়। এ সময় কারখানায় কোনো কর্মকর্তা, শ্রমিক বা কর্মচারীকে দেখা যায়নি। কারখানার প্রধান ফটকে অনির্দিষ্টকাল বন্ধের ঘোষণা দিয়ে বিজ্ঞপ্তি টাঙানো হয়েছে।এদিকে গতকাল বিকেলে নারায়ণগঞ্জ শহরের হাজীগঞ্জ আইইটি স্কুলের মাঠে এনামুলের গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, চাকরি স্থায়ীকরণ, মজুরি বৃদ্ধি ও শ্রমিক ছাঁটাই বন্ধের দাবিতে রোববার এসিআই ফার্মাসিউটিক্যালস লিমিটেড কারখানার শ্রমিকেরা বিক্ষোভ করলে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়।উদ্বেগ, ক্ষোভ ও নিন্দা: সিদ্ধিরগঞ্জে শ্রমিক এনামুল নিহত হওয়ার ঘটনায় বিভিন্ন সংগঠন ক্ষোভ, নিন্দা ও উদ্বেগ প্রকাশ করেছে। আইন ও সালিশ কেন্দ্র (আসক), কর্মজীবী নারী, শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ), বাংলাদেশের কমিউনিস্ট পার্টি ও বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ গতকাল পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে ক্ষোভ, নিন্দা ও উদ্বেগ প্রকাশ করে।