পুলিশের মামলা থেকে হাজি সেলিমসহ ২১ জনকে অব্যাহতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের নেতা ও সাবেক সাংসদ হাজি মো. সেলিমসহ ২১ জনকে পুলিশের কাজে বাধা দেওয়াসংক্রান্ত একটি মামলা থেকে অব্যাহতির আদেশ দিয়েছেন আদালত। গত রোববার ঢাকা মহানগর হাকিম কেশব রায় চৌধুরী রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে মামলা প্রত্যাহার করে এই আদেশ দেন। আসামি পক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে ২০০৯ সালের ১৭ আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মামলা প্রত্যাহারসংক্রান্ত কমিটির সভায় মামলাটি না চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে মন্ত্রণালয় রাষ্ট্রপক্ষের আইনজীবীকে মামলা প্রত্যাহারের বিষয়ে পদক্ষেপ নিতে বলে। রাষ্ট্রপক্ষ ফৌজদারি কার্যবিধির ৪৯৪ ধারায় মামলাটি প্রত্যাহারের আবেদন করে। গত রোববার শুনানি শেষে আদালত মামলাটি প্রত্যাহার করে আসামিদের অব্যাহতির আদেশ দেন। আদেশে বলা হয়, রাষ্ট্রপক্ষ মামলা পরিচালনায় আগ্রহী নয় বলে মামলা প্রত্যাহারের আবেদন মঞ্জুর করা হলো।অন্য আসামিরা হলেন: গোলাম মোহাম্মদ, বাবলা, রিয়াজ উদ্দিন বাদল, হেদায়েতুল ইসলাম, হাজি মফিদুল ইসলাম, আলী আহম্মেদ, বিপ্লব, হাজি নূর মোহাম্মদ, ইব্রাহিম, আনিস, সুলতান, আকরাম, আরশাদ আলী, আরেফীন, আবদুল্লাহ, পিয়ারা, আনিসুর রহমান, জব্বার, সেলিম ওরফে মুরগি সেলিম ও সাগর আহমেদ।আদালত সূত্র জানায়, একই ধরনের অভিযোগে লালবাগ থানায় করা আরেকটি মামলা প্রত্যাহারের আবেদনের ওপর আগামী ২৭ মার্চ শুনানির জন্য নির্ধারিত আছে।২০০৪ সালের ২৩ মার্চ হাজি সেলিমসহ অনেকে লালবাগের চকবাজার এলাকায় একটি মিছিল বের করেন। কর্তব্যরত পুলিশ মিছিল করতে বাধা দেয়। এতে হাজি সেলিম ও তাঁর কর্মীরা পুলিশের ওপর হামলা এবং পুলিশ সদস্যদের মারধর করেন করেন বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় লালবাগ থানার পুলিশ বাদী হয়ে হাজি সেলিমসহ ২০০-৩০০ জনকে আসামি করে মামলা করেন। ওই বছরের ১৫ আগস্ট হাজি সেলিমসহ ২১ জনের বিরুদ্দে অভিযোগপত্র দেয় পুলিশ।