পুলিশের মামলায় আসামি বিএনপির সভাপতি-সম্পাদক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশাল জেলা জজ আদালতে নাশকতা চালানোর উদ্দেশ্যে অগ্নিসংযোগ করা হয়েছে বলে দাবি করেছে ফায়ার সার্ভিস ও পুলিশ প্রশাসন। এ ঘটনায় বরিশাল জেলা (দক্ষিণ) বিএনপির সভাপতি এবায়দুল হক, সাধারণ সম্পাদক আবুল কালামসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।
বরিশাল কোতোয়ালি মডেল থানার এসআই মজিবর রহমান গত শুক্রবার ওই মামলা করেন। এতে ছয়জনের নাম উল্লেখ করে অন্যদের অজ্ঞাত আসামি করা হয়েছে।
বরিশাল মহানগর পুলিশ কমিশনার শৈবাল কান্তি চৌধুরী বলেন, ‘ফায়ার সার্ভিস থেকে জানানো হয়েছে নাশকতার অংশ হিসেবেই আদালতে অগ্নিসংযোগ হয়েছে। পুলিশের প্রাথমিক তদন্তেও এর প্রমাণ মিলেছে। ধারণা করা হচ্ছে, আদালতের ভেতরে থাকা কেউ এর সঙ্গে যুক্ত আছে। বিষয়টি খতিয়ে দেখতে তিন সদস্যের তদন্ত কমিটি করা হয়েছে।’
বরিশাল কোতোয়ালি মডেল থানার ওসি শাখাওয়াত হোসেন জানান, ওই মামলায় গতকাল শনিবার বিকেল পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
জেলা জজ আদালতের নাজির মো. জালাল আহমেদ জানান, অগ্নিসংযোগের ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছেন বরিশাল জেলা ও দায়রা জজ। কমিটিকে তিন দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।