পুলিশের মামলায় আসামি মৃত ব্যক্তি ও প্রবাসীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারে বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের নেতা-কর্মীদের নামে পুলিশের দায়ের করা মামলায় মৃত ও বিদেশে অবস্থানকারীদের নাম রয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত সোমবার জোটের নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় মৌলভীবাজার সদর মডেল থানায় ওই মামলা করা হয়।
মামলায় মৌলভীবাজার জেলা বিএনপির সভাপতি এম নাসের রহমানসহ জোটের ১৩০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ২০০ থেকে ২৫০ জনকে আসামি করা হয়েছে।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মৌলভীবাজার শহর শাখার প্রচার সম্পাদক মুর্শেদ আহমদ চৌধুরী বলেন, ওই মামলার ৯৯ নম্বর আসামি করা হয়েছে শিবিরের সাবেক জেলা কমিটির সভাপতি এ বি কবির আহমদকে। তিনি গত বছরের ২৫ সেপ্টেম্বর সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। একই মামলায় আরও তিনজন সাবেক শিবির নেতার নাম আছে, যাঁরা দীর্ঘদিন ধরে বিদেশে রয়েছেন।
এদিকে জেলা বিএনপির সভাপতি এম নাসের রহমানের নেতৃত্বাধীন অংশের প্রচারের দায়িত্বে থাকা মো. ইদ্রিছ আলী জানিয়েছেন, মৌলভীবাজার পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবদুর রহিম ২ জানুয়ারি মালয়েশিয়া গেছেন। এ ছাড়া বিএনপি নেতা ও মৌলভীবাজার পৌরসভার কাউন্সিলর অলিউর রহমান গত ১৫ অক্টোবর থেকে লন্ডনে আছেন। তাঁরাও মামলার আসামি।
মৌলভীবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুছ ছালেক গতকাল বুধবার প্রথম আলোকে বলেন, ‘একজন মারা যাওয়ার কথা আমরাও শুনেছি। বিষয়টি আমাদের নজরে এসেছে। সমস্যা নেই। বাদ দিয়ে দেওয়া হবে।’