পুলিশের মামলায় বিএনপির ১৬ নেতার জামিন
পুলিশের করা মামলায় জয়পুরহাট জেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের ১৬ নেতা আদালতে স্বেচ্ছায় আত্মসমর্পণের পর আদালত তাঁদের জামিন দিয়েছেন। গতকাল সোমবার তাঁরা আদালতে হাজির হয়ে আইনজীবীদের মাধ্যমে জামিন প্রার্থনা করেন।
মামলা ও জেলা বিএনপি সূত্রে জানা গেছে, জয়পুরহাট জেলা বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ মোজাহার আলী প্রধান, সহসভাপতি আমিনুর রহমান, সাধারণ সম্পাদক ফজলুর রহমান, সাংগঠনিক সম্পাদক মতিয়র রহমান, জেলা বিএনপির জ্যেষ্ঠ সদস্য মমতাজ মণ্ডলসহ ১৬ নেতা আদালতে হাজির হয়ে জামিনের আবেদন জানান। আদালতে জামিন শুনানি শেষে জয়পুরহাট অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম মোহাম্মদ ইকবাল বাহার তাঁদের আবেদন মঞ্জুর করেন।
৫ জানুয়ারি কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা বিএনপি গণতন্ত্রের কালো দিবস উপলক্ষে শহরের রেলগুমটি বিএনপির কার্যালয় থেকে কালো পতাকা মিছিল বের করে। মিছিলটি পৌর মার্কেটের সামনে এলে পুলিশ বাধা দেয়। এ সময় পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি হয়।
মোজাহার আলী প্রধান দাবি করেন, পুলিশ গুলি ছুড়লে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়।
এদিকে সদর থানার ওসি ফরিদ হোসেন দাবি করেন, সেই সময় পুলিশ কোনো গুলি ছোড়েনি।
জয়পুরহাট সদর থানার এসআই আবদুল খালেক বাদী হয়ে ৬ জানুয়ারি বিএনপি ও অঙ্গসংগঠনের ২২ শীর্ষ নেতার নাম উল্লেখসহ আরও অজ্ঞাতনামা ১৫০ জনকে আসামি করে মামলা করেন। মামলায় বেআইনি সমাবেশ, সরকারি কর্মচারীকে কর্তব্যে বাধা ও পুলিশকে মারপিটের অভিযোগ আনা হয়।