পুলিশের মামলায় শিবির কর্মী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীতে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরের গাড়িবহরে হামলা চালিয়ে আওয়ামী লীগের চার নেতা-কর্মী হত্যার ঘটনায় পুলিশের করা মামলায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে৷ তিনি হলেন শিবিরের কর্মী জামিয়ার রহমান (২৮)৷
গত শনিবার রাত সাড়ে ১১টার দিকে সদর উপজেলার টুপামারী ইউনিয়নের রামগঞ্জ বাজার থেকে জামিয়ারকে গ্রেপ্তার করা হয়। জামিয়ার একই ইউনিয়নের সুখধন দুহুলীপাড়া গ্রামের কাল্টু মুন্সির ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মামলার তদন্ত কর্মকর্তা নীলফামারী সদর থানার উপপরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান প্রথম আলোকে জানান, জামিয়ার রহমান ইসলামি ছাত্রশিবিবের সক্রিয় কর্মী৷
পুলিশ জানায়, গত বছরের ১৪ ডিসেম্বর সদর উপজেলার রামগঞ্জ বাজারে আসাদুজ্জান নূরের গাড়িবহরে হামলা চালিয়ে চার আওয়ামী লীগ নেতা-কর্মী হত্যার ঘটনায় তিনি প্রকাশ্যে অংশ নেন৷ মামলার তদন্তে এ তথ্য পাওয়া গেছে। ঘটনার দিন থেকে জামিয়ার রহমান পলাতক ছিলেন। গ্রেপ্তারের পর গতকাল রোববার দুপুরে আদালতের মাধ্যমে জামিয়ারকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।