পুলিশের মোটরসাইকেল থেকে নামিয়ে নিয়ে সাংবাদিককে মারধর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার পাথরঘাটায় গতকাল বুধবার পুলিশের মোটরসাইকেল থেকে নামিয়ে দৈনিক সংবাদ-এর উপজেলা প্রতিনিধি জাফর ইকবালকে মারধর ও ক্যামেরা ছিনিয়ে নিয়েছে সন্ত্রাসীরা। পুলিশ ঘটনাস্থল থেকে ছাত্রলীগের দুই কর্মীকে গ্রেপ্তার করেছে।এ ঘটনায় পাঁচজনকে আসামি করে গতকাল পাথরঘাটা থানায় মামলা করেছেন জাফর ইকবাল। আসামিরা হলেন পাথরঘাটার চরদুয়ানী ইউনিয়নের তাফালবাড়িয়া গ্রামের জাহাঙ্গীর হোসেন, মজিবুর রহমান কবিরাজ ও আ. হাকিম মাতুব্বর এবং মঠেরখাল গ্রামের বায়েজীদ ও হাফিজুর রহমান। এদের মধ্যে জাহাঙ্গীর ও বায়েজীদকে গ্রেপ্তার করা হয়েছে।সাংবাদিক জাফর ইকবাল জানান, জাহাঙ্গীর, বায়েজীদসহ তাদের সহযোগীদের নানা সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ে সম্প্রতি তিনি কয়েকটি খবর প্রকাশ করেছেন। এতে সন্ত্রাসীরা ক্ষুব্ধ হয়ে তাঁকে হত্যার হুমকি দিচ্ছিল। এ বিষয়ে তিনি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।গতকাল সকাল ১০টার দিকে সন্ত্রাসীদের চিনিয়ে দিতে পাথরঘাটা থানার উপপরিদর্শক (এসআই) অশোক কুমারের সঙ্গে তিনি নতুন বাজারে যাচ্ছিলেন।স্থানীয় আওয়ামী লীগের কার্যালয়-সংলগ্ন মোক্তারপট্টি এলাকায় পৌঁছাতেই জাহাঙ্গীর, বায়েজীদ, হাফিজুর, মজিবুরসহ কয়েকজন তাঁদের মোটরসাইকেলের গতিরোধ করে। এরপর জাফর ইকবালকে মোটরসাইকেল থেকে নামিয়ে সন্ত্রাসীরা এলোপাতাড়ি কিল-ঘুষি মারে এবং ক্যামেরা ছিনিয়ে নেয়। এ সময় স্থানীয় লোকজন এগিয়ে এসে তাঁকে উদ্ধার করে। এসআই অশোক কুমার ঘটনাস্থল থেকে লোকজনের সহায়তায় জাহাঙ্গীর ও বায়েজীদকে আটক করেন। জাফর ইকবাল পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।এ ঘটনার প্রতিবাদে দুপুরে পাথরঘাটা প্রেসক্লাবের সভাপতি চৌধুরী মো. ফারুকের সভাপতিত্বে জরুরি সভা হয়। সভায় ঘটনার তীব্র নিন্দা এবং আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে তিন দিনের কর্মসূচি নেওয়া হয়। এর মধ্যে আজ বৃহস্পতিবার মানববন্ধন ও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে স্মারকলিপি দেওয়া হবে।পাথরঘাটা উপজেলা ছাত্রলীগের সভাপতি আবদুর রহমান জানান, জাহাঙ্গীর ও হাফিজুর ছাত্রলীগের সমর্থক। তবে এসব সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে ছাত্রলীগ জড়িত নয়।