ঢাকার আশুলিয়ার বিশমাইল এবং সাভারের জোড়পোল, রাজফুলবাড়িয়া, হেমায়েতপুরসহ ধামরাইয়ের জয়পুরা এলাকা সন্ধ্যার পরে মোটরসাইকেল ব্যবহারকারীদের জন্য বিপজ্জনক হয়ে ওঠে। ঢাকা-আরিচা মহাসড়কের এসব এলাকায় প্রায় প্রতিদিনই মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনা ঘটছে। রেহাই পাচ্ছেন না পুলিশের কর্মকর্তারাও। ঢাকা থেকে সাভার আসার পথে গত ২৬ ফেব্রুয়ারি রাত সোয়া আটটার দিকে জোড়পোল এলাকায় ছিনতাইকারীদের কবলে পড়েন রাজধানীর আদাবর থানার উপপরিদর্শক (এসআই) মোজাম্মেল হক। একটি ব্যক্তিগত গাড়ি দিয়ে গতিরোধ করে সন্ত্রাসীরা তাঁর মোটরসাইকেলটি ছিনিয়ে নিয়ে যায়। ঘটনার পরের দিন ওই কর্মকর্তা সাভার থানায় মামলা করেন। এর কয়েক দিন পর ওই এলাকা থেকে মোটরসাইকেল ছিনতাই হয় সাভার মডেল থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) লুৎফর রহমানের। নাম প্রকাশে অনিচ্ছুক সাভার মডেল থানার এক কর্মকর্তা জানান, এএসআই লুৎফরের মোটরসাইকেল ছিনতাই হওয়ার পর কয়েকজন ছিনতাইকারীকে আটক করা হয়। তাঁরা ছিনতাইয়ের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করলেও রাজনৈতিক চাপের কারণে তাঁদের ছেড়ে দিতে হয়েছে। দিন পনেরো আগে সাভার থানা-পুলিশ বাসস্ট্যান্ডের অদূরে শিমুলতলা এলাকার একটি মোটর গ্যারেজ থেকে ছিনতাই হওয়া একটি মোটরসাইকেল উদ্ধার করে। ধামরাইয়ের রাম-রাবণ গ্রামের লিটন ওই মোটরসাইকেলটি তাঁর বলে দাবি করে জানান, মাস তিনেক আগে এটি ছিনতাই হয়। নাম প্রকাশ না করার শর্তে গ্যারেজের মালিক জানান, আওয়ামী লীগের সহযোগী সংগঠনের এক নেতা মেরামতের জন্য মোটরসাইকেলটি তাঁর গ্যারেজে রেখে গেছেন।সাভার থানা-পুলিশ ও ভুক্তভোগী লোকজনের দেওয়া তথ্যসহ প্রথম আলোর অনুসন্ধানে জানা গেছে, প্রতিদিন সন্ধ্যার পর ছিনতাইকারীদের একাধিক দল ব্যক্তিগত গাড়ি ও মাইক্রোবাস নিয়ে বিশমাইল, জোড়পোল, রাজফুলবাড়িয়া, হেমায়েতপুর ও জয়পুরা এলাকার আশপাশে অবস্থান নেয়। তারা গাড়ি দিয়ে গতিরোধ করে, কখনো চাপাতির আঘাত করে আবার কখনো গুলি ছুড়ে মোটরসাইকেল নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেন। এরপর ছিনতাইকারীদের একজন ওই মোটরসাইকেলটি চালিয়ে নিয়ে যায়। একাধিক সূত্র থেকে প্রাপ্ত তথ্যে জানা গেছে, ছিনতাই হওয়ার পর মোটরসাইকেলগুলো নিয়ে যাওয়া হয় মানিকগঞ্জের সিঙ্গাইরে। সেখানে কোনো গোপন স্থানে মোটরসাইকেলগুলো লুকিয়ে রাখার পর তা কাভার্ড ভ্যানে করে উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় নিয়ে বিক্রি করা হয়।সাভারের বলিয়ারপুর থেকে বাসায় ফেরার পথে গত ২ মার্চ রাত নয়টার দিকে জোড়পোল এলাকায় ছিনতাইকারীদের কবলে পড়েন পৌর এলাকার ঘোষপাড়ার সমীর ঘোষ। তিনি জানান, জোড়পোল এলাকায় পৌঁছালে সন্ত্রাসীরা একটি ব্যক্তিগত গাড়ি দিয়ে গতিরোধ করে এবং চাপাতি দিয়ে আঘাত করে মোটরসাইকেলটি নিয়ে যায়। সাভারের গেন্ডার মিষ্টু নামের এক ব্যক্তির মোটরসাইকেল গত ১৭ মার্চ সন্ধ্যায় জোড়পোল এলাকা থেকে ছিনতাই হয়। সন্ত্রাসীরা মাইক্রোবাস দিয়ে গতিরোধ করে ফাঁকা গুলি ছুড়ে মোটরসাইকেলটি ছিনিয়ে নিয়ে যায়। মাস পাঁচেক আগে ইনডিপেনডেন্ট পত্রিকার নিজস্ব প্রতিবেদক হাবিবুল্লা মিজানের মোটরসাইকেল ছিনতাই হয় আশুলিয়ার বিশমাইল এলাকা থেকে। মিজান জানান, পেশাগত দায়িত্ব পালন শেষে ঢাকায় ফেরার পথে রাত নয়টার দিকে বিশমাইল এলাকায় পৌঁছালে সন্ত্রাসীরা তাঁকে পেছন থেকে লাঠির আঘত করে মোটরসাইকেলটি নিয়ে যায়। মাস দুয়েক আগে ধামরাইয়ের জয়পুরা থেকে মোটরসাইকেল ছিনতাই হয় সাভারের দলিল লেখক আশরাফ আলীর। রাজফুলবাড়িয়া থেকে সাভারের আন্দপুরের রাজীব আহাম্মেদের মোটরসাইকেল ছিনতাই হয় মাস তিনেক আগে। এই সময়ের মধ্যে আরও অনেক মোটরসাইকেল ছিনতাই হয়েছে বলে বিভিন্ন সূত্র থেকে নিশ্চিত হওয়া গেছে। প্রায় প্রতিদিন এভাবে মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনা ঘটলেও সন্ত্রাসীদের গ্রেপ্তারসহ ছিনতাই হওয়া মোটরসাইকেল উদ্ধার করতে পারছে না পুলিশ। মামলা করলেও পুলিশ মোটরসাইকেল উদ্ধার করতে পারছে না। সাভার মডেল থানার সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. মশিউদ্দৌলা অহরহ মোটরসাইকেল ছিনতাই হওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, মোটরসাইকেল ছিনতাইয়ের সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে। সন্ধ্যার পরে পুলিশের টহল জোরদার করা হয়েছে।