পুলিশের মোবাইল অ্যাপস ব্যবহারের পরামর্শ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেসবুক হ্যাক করে ইদানীং নিরীহ মানুষের সঙ্গে প্রতারণার ঘটনা বাড়ছে। এর সঙ্গে চলছে নীরব চাঁদাবাজি। এসব থেকে বাঁচতে bdpoliceserveline নামে একটি অ্যাপ চালু করেছে পুলিশ। এ ধরনের ঘটনার শিকার হলে সঙ্গে সঙ্গে এখানে অভিযোগ করলে পুলিশ ব্যবস্থা নেবে। তা ছাড়া ই-মেইলেও পুলিশ সুপারকে অভিযোগ জানানো যাবে। ন্যাশনাল হেল্প ডেস্ক ৯৯৯ নম্বরে সারা দিন যেকোনো সময় পুলিশকে তথ্য জানানো যাবে।

গতকাল রোববার জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভায় এসব তথ্য জানিয়ে অপরাধ বন্ধে মোবাইল অ্যাপস ব্যবহারের পরামর্শ দেওয়া হয়। জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে ওই সভায় সভাপতিত্ব করেন খুলনার জেলা প্রশাসক নাজমুল আহসান।

সভার শুরুতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক জয়িতা ফাউন্ডেশনের বিষয়ে সভাপতির দৃষ্টি আকর্ষণ করেন। এর জন্য একটি ভবন নির্মাণের বিষয়ে আলোচনা হয়। সভায় উপজেলা পরিষদের চেয়ারম্যান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), অতিরিক্ত পুলিশ সুপার, উপজেলা নির্বাহী কর্মকর্তা উপস্থিত ছিলেন।

সভায় জেলা প্রশাসক মন্ত্রণালয়ের নির্দেশ অনুযায়ী স্ব-স্ব দপ্তরের ওয়েব পোর্টাল হালনাগাদ করা, জেলা ইনোভেশন কার্যক্রম জোরদার করা এবং জেলা ও উপজেলার সব দপ্তরের নামে ফেসবুক আইডি খুলতে কর্মকর্তাদেরঅনুরোধ জানান।

সভায় কয়রা ও পাইকগাছা উপজেলা সরকারি হাসপাতালে চিকিৎসকের স্বল্পতা থাকায় সেখানে দ্রুত চিকিৎসক পদায়নের জন্য সভাপতি স্বাস্থ্য বিভাগকে অনুরোধ জানান।

সভায় ওজোপাডিকো প্রতিনিধি বলেন, ইতিমধ্যে বিভিন্ন জায়গায় প্রিপেইড মিটার চালু হয়েছে। এতে সাশ্রয়ী মূল্যে সবাই বিদ্যুৎ ব্যবহার করতে পারবেন। সবাইকে প্রিপেইড মিটারের আওতায় আনতে ব্যাপক প্রচারণা দরকার। এ জন্য জেলা প্রশাসকের সহযোগিতা চান তিনি।

কর বিভাগের প্রতিনিধি জানান, চলতি অর্থবছরের জুলাই থেকে নভেম্বর পর্যন্ত খুলনায় ৫০ হাজারের অধিক টিআইএন রেজিস্ট্রেশন সম্পন্ন হয়েছে, যা দেশের মধ্যে সর্বাধিক।