পুলিশের যত মাথাব্যথা পকেটমার চক্র নিয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে পেশাদার পকেটমারদের বেশ কয়েকটি চক্র রয়েছে। পবিত্র হজের মতো ধর্মীয় সমাগম, বিভিন্ন উৎসব-অনুষ্ঠানে গিয়েও পকেট মারতে যায় এসব চক্র। বিপুল অর্থ নিয়ে তারা আবার ফিরে আসে চট্টগ্রামে। সৌদি আরব ছাড়াও মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশেও এসব চক্রের সদস্যদের বিচরণ রয়েছে। খোকন নামের এক পকেটমার ইতিপূর্বে সৌদি আরবে গ্রেপ্তার হয়ে কারাভোগ করেন। ক্রিকেট বিশ্বকাপ সামনে রেখে এসব চক্র সক্রিয় হয়ে উঠছে।নগর গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) আলমগীর হোসেন প্রথম আলোকে বলেন, সৌদি আরবে হজের সময় পকেট মারতে যান বিশ্ব কলোনির গফুর, আমবাগানের খোকন, পাঁচলাইশ সুন্নিয়া মাদ্রাসার রনি, মতিঝর্নার রহমত, সাতকানিয়ার শুক্কুর, চন্দনাইশের বাদশা। তাঁদের নেতৃত্বে একটি বাহিনী আছে। এদের মধ্যে খোকন একবার গ্রেপ্তার হয়ে হাজতবাস করেন।১১ মার্চ চট্টগ্রামে ক্রিকেট বিশ্বকাপের আসর বসছে। এর আগে ১২ ফেব্রুয়ারি বাংলাদেশ ও কানাডার মধ্যে প্রস্তুতি ম্যাচ হওয়ার কথা। দেশি-বিদেশি বিপুলসংখ্যক দর্শক খেলা দেখতে চট্টগ্রামে আসবেন। এসব দর্শকের নিরাপত্তা নির্বিঘ্ন করার প্রস্তুতি নিচ্ছে পুলিশ। পকেটমারদের গতিবিধির ওপরও নজর রাখা হচ্ছে। পুলিশ ও র‌্যাব সূত্র জানায়, নগরে বাস স্টপেজভিত্তিক পকেটমারদের বিচরণ রয়েছে। প্রতিদিন বাসযাত্রী, ভিড়ের মধ্যে পথচারী ও জানাজা কিংবা নামাজে অংশ নেওয়া মুসল্লিরা পকেটমারের শিকার হন। বিশেষ করে, নগরের অলংকার মোড়, মুরাদপুর, বাদামতলী, অক্সিজেন, বহদ্দারহাট, জিইসি মোড়, নিউমার্কেট এলাকায় পকেটমারেরা সক্রিয়। নগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার মোহাম্মদ হাছান চৌধুরী প্রথম আলোকে বলেন, পকেটমারেরা কোনো ব্যক্তির পকেট থেকে মুঠোফোন বা টাকা নিয়ে মুহূর্তের মধ্যে কয়েক হাত বদল করে। ফলে ভুক্তভোগীকে পকেটমার চিহ্নিত করতে বেগ পেতে হয়। যে ব্যক্তি প্রথম পকেট থেকে চুরি করে তাকে ‘মিস্ত্রি’ ডাকা হয়। এ রকম কয়েকজন পকেটমারকে আমরা গ্রেপ্তার করেছি।’নগর পুলিশের উপকমিশনার (উত্তর) আমেনা বেগম প্রথম আলোকে বলেন, ‘ক্রিকেট বিশ্বকাপ উপলক্ষে পকেটমারদের গতিবিধি আমরা নজরদারি করছি। সম্প্রতি টঙ্গীতে অনুষ্ঠিত দুই দফা বিশ্ব ইজতেমার সময় চট্টগ্রাম থেকে কিছু পকেটমার সেখানে যায়। ওরা আবার চট্টগ্রামে ফিরে এসেছে। তাদের আইনের আওতায় এনে বিশ্বকাপ নির্বিঘ্ন করার প্রস্তুতি চলছে।’পুলিশ সূত্র জানায়, চট্টগ্রামে পকেটমারদের মালামালের ক্রেতা রিয়াজউদ্দিন বাজারের দুই ব্যবসায়ী ও খুলশির একজন। পুলিশ তাদের চেনে। তবে তাদের গ্রেপ্তারে কখনো অভিযান চালানো হয়নি। কারণ, এ তিন ব্যক্তি গ্রেপ্তার হলে মাঠপর্যায়ের অনেক পুলিশ কর্মকর্তা ফেঁসে যেতে পারেন। কারণ ওই পুলিশ কর্মকর্তারা কম দামে কিংবা বিনা মূল্যে মুঠোফোন নেন।নগর গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক মোহাম্মদ মহসীন বলেন, নগরের ১১টি বাস রুটে প্রতিদিন হাজার হাজার যাত্রী যাতায়াত করে। বাসে প্রতিদিন গড়ে অর্ধশতাধিক পকেটমারের ঘটনা ঘটে। বড় ধরনের চুরির শিকার না হলে কেউ থানায় অভিযোগ দেয় না।