পুলিশের যথাযথ ভূমিকায় সুষ্ঠু পরিবেশ ছিল: আইজিপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুলিশ যথাযথ ভূমিকা পালন করায় হরতাল সত্ত্বেও নির্বাচনে সুষ্ঠু পরিবেশ বজায় ছিল বলে দাবি করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) হাসান মাহমুদ খন্দকার।

আজ মঙ্গলবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিত্সাধীন সহকারী প্রিসাইডিং কর্মকর্তা মো. সাইদুল ইসলাম ও পুলিশের সদস্য আবুল কালাম আজাদকে দেখতে যান আইজিপি। সেখানে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। ৫ জানুয়ারির জাতীয় সংসদ নির্বাচনের দিন গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানা এলাকায় পেট্রলবোমা হামলায় গুরুতর আহত হন সহকারী প্রিসাইডিং কর্মকর্তা মো. সাইদুল ইসলাম ও পুলিশের এক সদস্য।

হাসান মাহমুদ বলেন, ‘যেখানে নাশকতার ঘটনা ঘটেছে, সেসব জায়গায় আমরা দায়িত্ব পালন করেছি। আর ওইসব জায়গায় আজও আমরা অভিযান চালিয়েছি।’

নির্বাচনে পুলিশ দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে আইজিপি বলেন, ‘পুলিশ ব্যর্থ না। পুলিশ যথাযথভাবে দায়িত্ব পালন করেছ। যথাযথ দায়িত্ব পালনের কারণে এ হরতাল থাকা সত্ত্বেও নির্বাচনে সুষ্ঠু পরিবেশ বজায় ছিল।’

প্রধানমন্ত্রীর জিরো টলারেন্সের বিষয়ে জানতে চাইলে আইজিপি বলেন, ‘নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিহত করতে যেখানে যে ধরনের ব্যবস্থা নেওয়া প্রয়োজন, সেটা আমরা ঠিকই নেব।’

হাসান মাহমুদ খন্দকার বলেন, ‘কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। বিচ্ছিন্ন অপরাধমূলক তত্পরতা সংঘটিত হয়েছে। নাশকতামূলক কর্মকাণ্ড সংঘটিত হয়েছে। সেখানে আমরা ব্যবস্থা গ্রহণ করেছি। কিংবা সার্বিকভাবে যদি আমরা বলতে চাই, যেভাবে দায়িত্ব পালন করা হয়েছে, আমার দৃঢ়বিশ্বাস জনমনে স্বস্তি অবশ্যই ফিরে আসছে।’

এ সময় অন্যদের মধ্যে ঢাকা মহানগর পুলিশের কমিশনার বেনজীর আহমদ, পুলিশের উপকমিশনার (মিডিয়া) মাসুদর রহমান, পুলিশের রমনা বিভাগের উপকমিশনার মারুফ হোসেন সরদার প্রমুখ উপস্থিত ছিলেন।