পুলিশের যৌন হয়রানি মামলা সিআইডিকে তদন্তের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরে এক মাদ্রাসা শিক্ষার্থীকে নির্যাতন ও যৌন হয়রানির অভিযোগে পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে করা মামলা পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) দিয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আগামী ২০ মে এ সংক্রান্ত প্রতিবেদন আদালতে জমা দিতে বলা হয়েছে।

আজ মঙ্গলবার বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মোহাম্মদ খুরশিদ আলম সরকার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

মামলাটি বিশেষ নজরদারিতে রাখতে জেলা পুলিশ সুপারকে নির্দেশ দেওয়া হয়েছে।

১৯ মার্চ ডেইলি স্টার পত্রিকায় ‘গার্ল গোজ থ্রো হরিফিক অ্যাবিউজ’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। এটি যুক্ত করে আইন ও সালিশ কেন্দ্র ওই দিন প্রয়োজনীয় নির্দেশনা চেয়ে রিট আবেদনটি করেছিল। ওই দিন আদালত প্রাথমিক শুনানির পর  নাজিরপুর থানার পুলিশের সহকারী উপপরদির্শক (এএসআই) আবদুর রহমানসহ তিনজনকে আদালতে হাজির হতে নির্দেশ দেন।

নির্দেশনা অনুসারে গ্রেপ্তার হওয়া আবদুর রহমান ও স্থানীয় মৌলবী মুজাহিদুল ইসলাম জাফরকে আজ আদালতে হাজির করে পুলিশ। তিনজনের অপরজন মাদ্রাসার শিক্ষক অসীম মিস্ত্রিও আদালতে হাজির হন।

আদালতে আইন ও সালিশ কেন্দ্রের পক্ষে ছিলেন আইনজীবী আবু ওবায়দুর রহমান ও অবন্তি নুরুল। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আল আমিন সরকার। আর  অসীম মিস্ত্রির পক্ষে ছিলেন আইনজীবী শ ম রেজাউল করিম।

পরে অবন্তী নুরুল প্রথম আলোকে বলেন, গত ১২ মার্চ ঘটে যাওয়া ওই ঘটনায় দায়ের করা এজাহার এবং ১৬৪ ধারায় নেওয়া ওই শিক্ষার্থীর জবানবন্দির মধ্যে ভিন্নতা রয়েছে। তাই মামলাটি সিআইডিকে তদন্ত করতে নির্দেশ দিয়েছেন আদালত।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, নাজিরপুরে কিশোর-কিশোরীকে ক্ষমতার অপব্যবহার করে নির্যাতন, কিশোরীকে যৌন হয়রানি ও বাল্য বিবাহে বাধ্য করার অভিযোগ উঠেছে আসামিদের বিরুদ্ধে। এ ব্যাপারে আদালত ১৯ মার্চ রুল জারি করেন। স্বরাষ্ট্র সচিব, পুলিশের মহাপরির্দক, পিরোজপুরে পুলিশ সুপারসহ সাত বিবাদীকে রুলের জবাব দিতে বলা হয়েছে।