পুলিশের রাইফেল ছিনতাইয়ের অভিযোগে গ্রেপ্তার ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বজরা কঞ্চিবাড়ী গ্রাম থেকে পুলিশের রাইফেল ছিনতাইয়ের অভিযোগে পুলিশ সোমবার রাতে দুজনকে গ্রেপ্তার করেছে। গতকাল মঙ্গলবার বিকেলে রাইফেলটি উদ্ধার করা হয়। আটক হওয়া দুজন হলেন কঞ্চিবাড়ী ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে পরাজিত চেয়ারম্যান পদপ্রার্থী আশরাফুল আলম ও তাঁর প্রতিবেশী সেনাবাহিনীর সদস্য বজরা কঞ্চিবাড়ী গ্রামের মোখলেসুর রহমান (২২)। তিনি সেনাবাহিনীর ঘাটাইল ক্যাম্পে কর্মরত ছিলেন। কয়েক দিন আগে ছুটি নিয়ে তিনি বাড়িতে আসেন। সুন্দরগঞ্জ থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, গতকাল মোখলেসুর রহমানকে রংপুর সেনানিবাসে পাঠানো হয়েছে। পুলিশকে মারধর ও রাইফেল ছিনতাইয়ের অভিযোগে সুন্দরগঞ্জ থানার উপপরিদর্শক মো. মাহবুব গতকালই মামলা করেছেন। পুলিশ সুপার বাসুদেব বণিক বলেন, গতকাল বিকেল সাড়ে চারটায় বজরা কঞ্চিবাড়ী গ্রামে সেনাসদস্য মোখলেসুরের বাড়ির পাশের একটি নালা থেকে ছিনতাই হওয়া রাইফেলটি উদ্ধার করা হয়।