পুলিশের রিমান্ডের নমুনা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের দিরাই উপজেলায় একটি হত্যা মামলার দুই আসামিকে গত ১৫ এপ্রিল গ্রেপ্তার করে পুলিশ। পরে আদালতে হাজির করে তাঁদের বিরুদ্ধে রিমান্ডের আবেদন করা হয়। আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। তবে পুলিশ আসামিদের রিমান্ডে নেয় এক মাস পর।অভিযোগ উঠেছে, রিমান্ডে নিয়ে মামলা সম্পর্কে তাঁদের কোনো জিজ্ঞাসাবাদ করা হয়নি। উল্টো আসামিদের নিজ বাড়িতে খাওয়া-দাওয়া করিয়ে পরে আদালতে পাঠানো হয়। রিমান্ডের নামে এ ঘটনা ঘটিয়েছেন থানার উপপরিদর্শক (এসআই) মাহাবুবুর রহমান। তবে পুলিশ ঘটনাটি তদন্ত করছে বলে জানা গেছে। আদালত ও মামলা সূত্রে জানা গেছে, উপজেলার রাজানগর ইউনিয়নের রাজানগর গ্রামের নগেন্দ্র দাসের (৪৫) লাশ গত ১৩ এপ্রিল এলাকার মরা সুরমা নদী থেকে উদ্ধার করে পুলিশ। ১৪ এপ্রিল নগেন্দ্র দাসের স্ত্রী রেবা রানী দাস বাদী হয়ে স্থানীয় রাজানগর গ্রামের আবদুল কাইয়ুম, জাহানপুর গ্রামের গোলাপ মিয়া, আলী আকবর, আফজল মিয়া, রাজকুমার দাস, আনোয়ারপুর গ্রামের টিপু পান্থ দাসকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। ১৫ এপ্রিল কাইয়ুম ও রাজকুমারকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর আদালতে হাজির করে আসামিদের চার দিনের রিমান্ডের আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা এসআই মাহাবুবুর রহমান। আদালত রিমান্ড মঞ্জুর করেন। কিন্তু এসআই মাহবুব তাঁদের রিমান্ডে নেন গত ২৪ মে। রিমান্ড শেষে ২৭ মে তাঁদের ফের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।সূত্র আরও জানায়, এসআই মাহাবুব আসামিদের রিমান্ডে নিয়ে কোনো জিজ্ঞাসাবাদ করেননি। এ ছাড়া থানাহাজতে আসামিদের আত্মীয়স্বজনেরা নিয়মিত দেখা করেছেন। রিমান্ডের সময় শেষ হলে আদালতে হাজিরার আগে কনস্টেবলদের দিয়ে আসামিদের কাইয়ুমের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। সেখানে তাঁরা খাওয়া-দাওয়া করেন। পরে তাঁদের আদালতে হাজির করা হয়। গতকাল রাজানগর গ্রামে গিয়ে এ ব্যাপারে কথা হয় রেবা রানী দাসের সঙ্গে। তিনি জানান, তাঁর স্বামী নগেন্দ্র দাস সিলেটের একটি রোস্তোরাঁয় বাবুর্চির কাজ করতেন। গত ১০ এপ্রিল সন্ধ্যায় তিনি রাজানগর গ্রামের কাইয়ুমের বাড়িতে যান। রাতে বাড়ি না ফেরায় পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেন। ১১ এপ্রিল তাঁর দেবর বিকাশ চন্দ্র দাস থানায় একটি জিডি করেন। ১৩ এপ্রিল নগেন্দ্রর লাশ ওই নদীতে পাওয়া যায়। পরে তিনি ওই হত্যা মামলা দায়ের করেন। গতকাল দুপুরে রাজানগর বাজারের লোকজনের সঙ্গে আলাপ করে জানা গেছে, কাইয়ুম আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। থানার পুলিশের সঙ্গে তাঁর দহরমমহরম রয়েছে। এলাকায় তিনি স্থানীয় সাংসদ ও দপ্তরবিহীনমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের অত্যন্ত ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত।নাম প্রকাশে অনিচ্ছুক বাজারের এক দোকানি বলেন, ‘কাইয়ুম হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত কি না জানি না। তবে যে দিন নগেন্দ্রর লাশ পাওয়া যায় তাঁর আগের দিন সন্ধ্যায় কাইয়ুম ও নগেন্দ্র একসঙ্গে নদী পার হয়ে গোলাপের বাড়িতে গেছেন, এটা বাজারের অনেকেই দেখেছে।’ এ ব্যাপারে কথা বলতে কাইয়ুমের বাড়িতে গিয়ে কাউকে পাওয়া যায়নি। তাঁর ছেলের কাপড়ের দোকানে গিয়ে পাওয়া যায় কাইয়ুমের ভাতিজা অপু মিয়াকে। অপু জানান, তাঁর চাচাকে রিমান্ডে আনার পর বাড়ির সবাই থানায় গিয়ে দেখা করেছেন। সেখানেই ভাত খাইয়েছেন। তবে এসআই মাহাবুবুর রহমান তাঁর বিরুদ্ধে আনীত অভিযোগ ‘সত্য নয়’ বলে দাবি করেছেন। এক মাস পরে রিমান্ডে আনার বিষয়ে দিরাই থানার ওসি হাবিবুর রহমান বলেন, রিমান্ড ছাড়া দারোগাদের আরও অনেক কাজ আছে। হয়তো কোনো কাজে ব্যস্ত ছিল। এসআই মাহাবুবের বিরুদ্ধে তদন্তের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘তদন্ত কিছু না। ঊর্ধ্বতন কর্মকর্তা বিষয়টি জানতে চেয়েছেন। বলেছি পুরোটাই ভোগাস।’