পুলিশের লাঠিপেটা, কাল গণজাগরণ মঞ্চের প্রতিবাদ সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর গুলশান-২ নম্বরে পাকিস্তান হাইকমিশন ঘেরাও কর্মসূচি পালনকালে গণজাগরণ মঞ্চের কর্মীদের লাঠিপেটা করে পুলিশ। ছবি: মনিরুল আলম
রাজধানীর গুলশান-২ নম্বরে পাকিস্তান হাইকমিশন ঘেরাও কর্মসূচি পালনকালে গণজাগরণ মঞ্চের কর্মীদের লাঠিপেটা করে পুলিশ। ছবি: মনিরুল আলম

রাজধানীর গুলশান-২ নম্বরে আজ বৃহস্পতিবার বিকেলে পাকিস্তান হাইকমিশন ঘেরাও কর্মসূচি পালনকালে পুলিশ লাঠিপেটা করে গণজাগরণ মঞ্চের কর্মীদের ছত্রভঙ্গ করে দিয়েছে। মঞ্চ জানায়, পুলিশের পিটুনিতে মুখপাত্র ইমরান এইচ সরকারসহ ২০ জন আহত হয়েছেন ও অন্তত আটজনকে আটক করে পুলিশ নিয়ে গেছে।
এর প্রতিবাদে আগামীকাল শুক্রবার বেলা তিনটার দিকে শাহবাগের প্রজন্ম চত্বরে বিক্ষোভ ও প্রতিবাদী সমাবেশ করবে মঞ্চ। সেই সঙ্গে সারা দেশেই বিক্ষোভ ও প্রতিবাদী সমাবেশ অনুষ্ঠিত হবে।
সন্ধ্যা পৌনে ছয়টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালের সামনে এক সংবাদ সম্মেলনে  কর্মসূচি ঘোষণা করেন মঞ্চের কর্মী মারুফ রসূল। আজকের মধ্যে তাঁদের আটক নেতা-কর্মীদের মুক্তিও দাবি করেছে মঞ্চ।
মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার পুলিশের দুই দফা পিটুনিতে আহত হন। তাঁকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঞ্চের কর্মী মারুফ রসূল জানান, ইমরানের মাথা, বুক ও পিঠে আঘাত লেগেছে। তিনি আরও জানান, পুলিশের পিটুনিতে তাঁদের অন্তত ২০ জন কর্মী আহত হয়েছেন। আহতদের মধ্যে মঞ্চের কর্মী মাহমুদুল হক মুন্সি ও আরিফ নূরের অবস্থা গুরুতর। তাঁদের মধ্যে মাহমুদুল হককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ও আরিফ নূরকে সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থল থেকে অন্তত আটজনকে পুলিশ আটক করে নিয়ে গেছে বলেও মঞ্চের কর্মীরা জানান।

গণজাগরণ মঞ্চ গতকাল বুধবার কয়েক দফা পুলিশি বাধা পেরিয়ে পাকিস্তানের ঢাকাস্থ হাইকমিশন ঘেরাও করে। ঘেরাও কর্মসূচি শেষে এক সমাবেশে গণজাগরণ মঞ্চের কর্মীদের পক্ষ থেকে পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক অস্থায়ীভাবে ছিন্ন করার দাবি জানানো হয়। আর এই দাবি পূরণের জন্য তাঁরা আজ বেলা তিনটা পর্যন্ত সময় বেঁধে দিয়েছিলেন। দাবি আদায় না হওয়ায় তাঁরা আজ বেলা তিনটার দিকে পূর্বঘোষিত ঘেরাও কর্মসূচি শুরু করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা তিনটার দিকে গুলশান-২ নম্বর চত্বরে পুলিশ বক্সের কাছে গণজাগরণ মঞ্চের পূর্বঘোষিত কর্মসূচি শুরু হয়। সোয়া তিনটার দিকে বিপুলসংখ্যক পুলিশ সেখানে গিয়ে লাঠিপেটা করে মঞ্চের কর্মীদের ছত্রভঙ্গ করে দেয়। এর আগে থেকেই গুলশান-২ নম্বর চত্বরে পুলিশ বক্সের কাছে ব্যারিকেড দেয় পুলিশ। সাঁজোয়া যান, জলকামান ও প্রিজন ভ্যান নিয়ে প্রস্তুত ছিল পুলিশ।

গণজাগরণ মঞ্চের কর্মীরা জানান, প্রথমে পুলিশ আটজনকে আটক করে নিয়ে যায়। পরে আরও কয়েকজন কর্মীকে ধরে নিয়ে যায়। দুই দফায় পুলিশের লাঠিপেটায় আহত হন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার।

প্রথম দফায় পুলিশের লাঠিপেটায় আহত হওয়ার পর ইমরান এইচ সরকার বলেছিলেন, ‘স্বাধীন দেশে পুলিশ কেন এমন উন্মত্ত আচরণ করছে, তা বুঝতে পারছি না। আমরা শান্তিপূর্ণভাবেই অবস্থান করছিলাম। কিন্তু পুলিশ যেভাবে আমাদের ওপর চড়াও হয়েছে, তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’ বেশ কয়েকজন নেতা-কর্মীকে পুলিশের গাড়িতে তোলার সময় বন্দুকের নল দিয়ে আঘাত করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন।

কর্মসূচি পালনে বাধা দেওয়া সম্পর্কে পুলিশের অতিরিক্ত উপমহাপরিদর্শক শাহাবুদ্দীন বলেন, এটি স্পর্শকাতর এলাকা। এখানে অনেকগুলো বিদেশি দূতাবাস আছে। তবে কতজনকে আটক করা হয়েছে, তিনি তা জানাননি।

ফরিদপুরে গণজাগরণ মঞ্চের মানববন্ধন

এদিকে ঢাকায় পাকিস্তান দূতাবাস ঘেরাওকালে গণজাগরণ মঞ্চের কর্মীদের ওপর পুলিশের লাঠিপেটার ঘটনার প্রতিবাদে ফরিদপুরে মানববন্ধন করেছে সংগঠনটির স্থানীয় নেতা-কর্মীরা। আজ বিকেলে ফরিদপুর শহরের প্রেসক্লাবের সামনে মুজিব সড়কে সাড়ে পাঁচটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত ৩০ মিনিটের এ কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে গণজাগরণ মঞ্চের জেলার কর্মীরা ‘জামায়াতে ইসলাম মেইড ইন পাকিস্তান’, ‘পাকিস্তানের দালালেরা পাকিস্তানে ফিরে যা’ প্রভৃতি স্লোগান দেয়।

মানববন্ধন শেষে বক্তব্য দেন জেলা গণজাগরণ মঞ্চের কর্মী তাহমিনা আক্তার। তিনি ঢাকায় গণজাগরণ মঞ্চের কর্মীদের লাঠিপেটা করার ঘটনার তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়ে দোষীদের শাস্তি দাবি করেন।