নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অ্যাপ্লায়েড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং (এসিসিই) বিভাগের শিক্ষার্থীদের ওপর লাঠিপেটা করে তাঁদের আমরণ অনশন কর্মসূচি পণ্ড করে দিয়েছে পুলিশ। গত রোববার রাত ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ ঘটনা ঘটে। আন্দোলনরত শিক্ষার্থীরা এ কথা বলেন।
সূত্র জানায়, ওই সময় পুলিশ অনশনরত নয়জন শিক্ষার্থীকে আটক করে। গতকাল সোমবার তাঁদের মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।
প্রক্টর নেওয়াজ মোহাম্মদ বাহাদুর আটক শিক্ষার্থীদের থানা থেকে ছেড়ে দেওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।
লাঠিপেটার অভিযোগ অস্বীকার করে সুধারাম থানার ওসি মীর জাহেদুল হক বলেন, রাত ১০টার সময় উপাচার্যের নির্দেশে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে থেকে অনশনরত শিক্ষার্থীদের সরিয়ে দেওয়া হয়। কিন্তু তাঁদের লাঠিপেটা করা হয়নি। সরিয়ে দেওয়ার সময় কিছুটা দৌড়াদৌড়ি হয়েছে।
আন্দোলনরত শিক্ষার্থীদের অভিযোগ, গত ২ জুলাই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অযৌক্তিকভাবে অ্যাপ্লায়েড কেমেস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং (এসিসিই) ও ফুড টেকনোলজি অ্যান্ড নিউট্রিশন সায়েন্স বিভাগের একাডেমিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করে। এতে দুটি বিভাগের প্রায় ৫০০ শিক্ষার্থীর শিক্ষাজীবন চরম অনিশ্চয়তার মুখে পড়েছে। শিক্ষার্থীরা বলেন, গত ২০ আগস্ট বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া হলেও এ দুটি বিভাগের একাডেমিক কার্যক্রম বন্ধ রয়েছে। শিক্ষার্থীদের পক্ষ থেকে বিভাগীয় প্রধান এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে নানাভাবে যোগাযোগ করা হলেও বিভাগ দুটির একাডেমিক কার্যক্রম চালু করার বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। উদ্ভূত পরিস্থিতিতে তাঁরা বাধ্য হয়ে গতকাল সকাল থেকে ক্যাম্পাসের প্রধান ফটকে আমরণ অনশন শুরু করেন।
এসিসিই বিভাগের কয়েকজন শিক্ষার্থী বলেন, অনশন চলাকালে দিনভর বিশ্ববিদ্যালয় প্রশাসন তাঁদের সঙ্গে আলোচনা করবে বলে টালবাহানার মাধ্যমে সময় ক্ষেপণ করে।
এ ব্যাপারে বক্তব্য জানতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ কে এম সাঈদুল হক চৌধুরীর মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন ধরেননি।