পুলিশের লাঠিপেটার ঘটনায় রুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্ষবরণের দিন ঘটে যাওয়া নারী লাঞ্ছনার বিচার চাইতে আসা ছাত্র ইউনিয়নের নেতা-কর্মীদের ওপর পুলিশের বর্বর হামলা ও মারধরের ঘটনায় রুল দিয়েছেন হাইকোর্ট। ছাত্র ইউনিয়নের নেতা-কর্মীদের ওপর পুলিশের হামলা ও মারধরের ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে, তা জানাতে ১৪ জুনের মধ্যে প্রতিবেদন দাখিলে পুলিশের মহাপরিদর্শককে নির্দেশ দেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন। আদেশের পাশাপাশি আদালত রুল জারি করেন।

আবেদনকারী আইনজীবী মো. ইউনূস আলী আকন্দ প্রথম আলোকে বলেন, মারধরের ঘটনায় দোষী ব্যক্তিদের বিরুদ্ধে কেন আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হবে না, তা জানাতে রুল জারি করেছেন আদালত। স্বরাষ্ট্রসচিব, আইজিপি, ডিএমপি কমিশনার, রমনার ডিসি ও ওসি এবং শাহবাগ থানার ওসিকে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

গতকাল সোমবার রুলের আবেদন করা হয়। আজ মঙ্গলবার শুনানি হয়। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তাপস কুমার বিশ্বাস।

বর্ষবরণের দিন ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় নারী লাঞ্ছনার প্রায় এক মাস হতে চললেও কাউকে চিহ্নিত করতে পারেনি পুলিশ। উল্টো যাঁরা নিপীড়কদের গ্রেপ্তার ও শাস্তির দাবি করছেন, গত রোববার পুলিশ তাঁদের ওপরই বর্বর হামলা চালিয়েছে। নারী লাঞ্ছনার বিচার চাইতে এসে উল্টো লাঞ্ছিত হয়েছেন ছাত্রীরাও। পুরুষ পুলিশের লাথি-ঘুষি খেয়ে রাস্তায় পড়ে থাকতে দেখা গেছে কয়েকজন ছাত্রীকে। ধাওয়া খেয়ে গাছের আড়ালে লুকিয়ে থাকা ছাত্রীটিকেও চুলের মুঠি ধরে টেনে বের করে পিটিয়েছে পুলিশ।

নিপীড়কদের গ্রেপ্তার ও শাস্তি প্রদানসহ ছয় দফা দাবিতে রোববার দুপুরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কার্যালয় ঘেরাও করতে গিয়েছিলেন ছাত্র ইউনিয়নের নেতা-কর্মীরা। তাঁদের ডিএমপি কার্যালয়ের সীমানায় ঘেঁষতে দেয়নি পুলিশ। মারধর করে রাস্তা থেকেই তাড়িয়ে দেওয়া হয়েছে। এতে ৩৪ জন আহত হয়েছেন বলে ছাত্র ইউনিয়ন জানিয়েছে। তাঁদের মধ্যে ২১ জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। চারজন ভর্তি আছেন বিভিন্ন হাসপাতালে। এ ঘটনায় ছাত্র ইউনিয়নের পাঁচ নেতা-কর্মীকে আটকের পর পুলিশ রাতে ছেড়ে দেয়।

আরও জানতে পড়ুন
প্রতিবাদ দমনে লাঠিপেটা