পুলিশের লাঠিপেটার প্রতিবাদে মৌন মিছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার বুড়িচং এরশাদ ডিগ্রি কলেজের শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিপেটার প্রতিবাদে কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা মৌন মিছিল করেছেন। কলেজ প্রাঙ্গণ থেকে গতকাল শনিবার এই মিছিল বের হয়।
ওই কলেজ জাতীয়করণের দাবিতে গত বৃহস্পতিবার শিক্ষার্থীরা সড়ক অবরোধ করলে পুলিশ তাঁদের লাঠিপেটা করে। এতে অন্তত সাতজন আহত হন। কলেজের তিনজন শিক্ষক বলেন, বৃহস্পতিবার দুপুরে কলেজের শিক্ষার্থীরা কুমিল্লা-বুড়িচং সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এতে সড়কের দুই দিকে তীব্র যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে বুড়িচং থানার পুলিশ গিয়ে শিক্ষার্থীদের অবরোধ তুলে নেওয়ার অনুরোধ জানায়। এতে শিক্ষার্থীরা রাজি হননি।
পরে পুলিশের লাঠিপেটায় কলেজের শিক্ষার্থী আরিফ হোসেন, ইসমাইল হোসেন, সীমান্ত, খোদেজা আক্তার, আশরাফুল ইসলাম, আবির হোসেন ও কোহিনুর আক্তার আহত হন। তাঁদের মধ্যে আরিফ, ইসমাইল ও সীমান্তকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ঘটনার প্রতিবাদে গতকাল দুপুর ১২টায় কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা মৌন মিছিল বের করেন। এতে শত শত শিক্ষার্থী অংশ নেন। মিছিলটি কলেজের আশপাশের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কলেজ ক্যাম্পাসে গিয়ে শেষ হয়।
১৯৮৬ সালে বুড়িচং এরশাদ ডিগ্রি কলেজ প্রতিষ্ঠিত হয়। কলেজটি জাতীয়করণ করার জন্য এক বছর ধরে শিক্ষার্থীরা আন্দোলন করছেন। বর্তমানে এই কলেজে ৪৭ জন শিক্ষক ও প্রায় তিন হাজার শিক্ষার্থী রয়েছেন।
বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম বড়ুয়া বলেন, বৃহস্পতিবার কলেজের শিক্ষার্থীরা একজন বয়োজ্যেষ্ঠ কনস্টেবলকে ঘুষি মারেন। শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে যান চলাচল ব্যাহত করেন। ওই কারণে পুলিশ তাঁদের সড়ক থেকে সরে যাওয়ার অনুরোধ করে। এরপর বাধ্য হয়ে পুলিশ তাঁদের সরিয়ে দেয়। তবে কনস্টেবলকে মারধরের ঘটনায় কোনো মামলা হয়নি।
কলেজের অধ্যক্ষ মো. জাহাঙ্গীর আলম বলেন, শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলন কর্মসূচিতে পুলিশ লাঠিপেটা করে। কনস্টেবলকে মারধরের কোনো ঘটনা ঘটেনি।