চট্টগ্রামের চন্দনাইশের কাঞ্চননগরে অবস্থিত বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিপেটার প্রতিবাদে মানববন্ধন করেছেন ওই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। গতকাল বুধবার বিশ্ববিদ্যালয়সংলগ্ন চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে তাঁরা এ কর্মসূচি পালন করেন। মানববন্ধনে শিক্ষার্থীরা ওই ঘটনার সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের শাস্তির দাবি জানান। পরে খবর পেয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে তাঁরা ক্যাম্পাসে ফিরে আসেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে কাঞ্চননগর বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সরোজ কান্তি সিংহ হাজারী বলেন, গত মঙ্গলবার বিকেলে নিরপরাধ শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনার প্রতিবাদে শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। প্রত্যক্ষদর্শী ও শিক্ষার্থীরা জানান, মঙ্গলবার বিকেলে চন্দনাইশ উপজেলার বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয় বাংলাদেশের শিক্ষার্থীদের বহনকারী একটি বাস নগরে ফিরছিল। রাহাত্তারপুল এলাকায় একটি বাইসাইকেল বাসটির সামনে চলে আসে। এ সময় বাসচালক ব্রেক কষলে কোনো দুর্ঘটনা ঘটেনি। তবে ওই সড়ক দিয়ে চলাচলকারী একটি মোটরসাইকেলের দুই আরোহী এ ঘটনাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের সঙ্গে বাগিবতণ্ডায় জড়িয়ে পড়েন। এর কিছুক্ষণ পর শহরমুখী আরও তিন-চারটি বাসযোগে ওই বিশ্ববিদ্যালয়ের শ-খানেক শিক্ষার্থী ঘটনাস্থলে উপস্থিত হন।এ সময় ঘটনাস্থলে সাদা পোশাকের কয়েকজন পুলিশ সদস্য এসে উপস্থিত হন। একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিপেটা করলে কয়েকজন শিক্ষার্থী আহত হন।