পুলিশের লাঠিপেটায় আহত পাঁচ সাংবাদিক, দুই আইনজীবী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিরোধী দলের নেতাদের জামিন আবেদন নাকচ হওয়ার পর কয়েক দফায় বিএনপির সমর্থক আইনজীবীরা বিক্ষোভ করেন। এ সময় পুলিশের লাঠিপেটায় এক আইনজীবী ও পাঁচ সাংবাদিক আহত হন। আহত হন পুলিশের এক সদস্যও।গতকাল বুধবার বেলা পৌনে দুইটায় বিএনপির সমর্থক আইনজীবীরা মহানগর হাকিম আদালতের বারান্দায় বিক্ষোভ মিছিল শুরু করেন। তাঁদের পুলিশ সরাতে গেলে সেখানে দুই পক্ষের মধ্যে ধাক্কাধাক্কি শুরু হয়। এ সময় আইনজীবীদের নিক্ষেপ করা একটি নামফলকের আঘাতে এক পুলিশ সদস্য আহত হন। নামফলকটি ছিল মহানগর হাকিম মোহাম্মদ এরফান উল্লাহর। একপর্যায়ে পুলিশ কিল-ঘুষি, ধাক্কা ও লাঠিপেটা করে। এতে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সহসভাপতি হোসেন আলী খান মাথায় মারাত্মক আঘাত পান। তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন।এ সময় উত্তেজিত আইনজীবীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেলও ছোড়ে। এ সময় পুলিশ বিএনপির সমর্থক আইনজীবী নজরুল ইসলামকে মারধর করে তাঁর কোর্ট ছিঁড়ে ফেলে। টিপু নামের আরেকজন আইনজীবীকে আটক করে মারতে মারতে নিয়ে যায় পুলিশ।বেলা তিনটায় বিরোধী দলের ৩৩ নেতাকে কারাগারে নিতে পুলিশ ভ্যানে তোলা হয়। এ সময় আলোকচিত্র সাংবাদিক ও টেলিভিশন চ্যানেলের চিত্রগ্রাহকেরা ছবি তুলতে গেলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয়। এ সময় বিএনপি-সমর্থক আইনজীবীরা আবার মিছিল শুরু করেন। পুলিশ কিল-ঘুষি ও লাঠিপেটা করে তাঁদের সরিয়ে দেয়। পুলিশের লাঠির আঘাতে বেসরকারি টেলিভিশন চ্যানেল টোয়েন্টিফোরের প্রতিবেদক সাজিদ হক, দিগন্ত টেলিভিশনের চিত্রগ্রাহক খলিল, এবিসি রেডিওর প্রতিবেদক জিলহাস উদ্দিন, একুশে টেলিভিশনের আনিসুর রহমান, এটিএন নিউজের কবিরুল ইসলাম আহত হন। এর মধ্যে খলিলের বাঁ হাতের কবজি ভেঙে গেছে।নেতাদের কারাগারে নিয়ে যাওয়ার পর ঢাকা আইনজীবী সমিতির সাবেক সভাপতি সানাউল্লাহ মিয়ার নেতৃত্বে আইনজীবীরা আদালতের সামনে আবার বিক্ষোভ ও সংক্ষিপ্ত সমাবেশ থেকে আইনজীবীদের ওপর পুলিশের হামলার জন্য স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন, আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম ও মুখ্য মহানগর হাকিমের অপসারণ দাবি করেন।