তোবা গ্রুপের শ্রমিক সংগ্রাম কমিটির ডাকা ধমর্ঘটের সমর্থনে ঢাকার সাভার ও আশুলিয়ার বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতা-কর্মীরা মিছিল বের করলে পুলিশ লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে দেয়। গতকাল শুক্রবার বিকেলে এ ঘটনা ঘটে। পুলিশের লাঠিপেটায় অন্তত ২০ নেতা-কর্মী আহত হয়েছেন।
গত বৃহস্পতিবার বিকেলে সংগ্রাম কমিটির আহ্বায়ক মোশরেফা মিশু দেশের সব পোশাক কারখানায় শনিবার ধর্মঘট পালন করার কথা ঘোষণা করেন। তোবার শ্রমিক-কর্মচারীদের বকেয়া পাওনা পরিশোধ, দেলোয়ার হোসেনের জামিন বাতিল, শ্রমিকদের ওপর ছাঁটাই-নির্যাতন বন্ধসহ বিভিন্ন দাবিতে এ কর্মসূচি দেওয়া হয়। তবে ওই দিনই নৌপরিবহনমন্ত্রী ও গার্মেন্টস শ্রমিক সমন্বয় পরিষদের আহ্বায়ক শাজাহান খান বলেন, ‘ধর্মঘটের সঙ্গে সমন্বয় পরিষদ নাই।’ এই সমন্বয় পরিষদের অধীনে আছে ৫২ শ্রমিক সংগঠন।
এদিকে উত্তর বাড্ডার হোসেন মার্কেটে তোবার কারখানা গতকালও ঘিরে রাখে বিপুলসংখ্যক পুলিশ। পুলিশ তোবার শ্রমিকদের গতকাল পূর্বনির্ধারিত বিক্ষোভ কর্মসূচিও করতে দেয়নি। বৃহস্পতিবার বেলা দুইটার দিকে ১১ দিন ধরে অনশনরত তোবার লাঠিপেটা ও পিপার স্প্রে (একধরনের ঝাঁজালো পদার্থ) করে শ্রমিকদের বের করে দেওয়ার পর থেকে ওই মার্কেটের নিয়ন্ত্রণ নেয় পুলিশ।
বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ জলিল প্রথম আলোকে বলেন, নিরাপত্তার কারণেই পুলিশ হোসেন মার্কেটে অবস্থান করছে। তবে শ্রমিকদের বাড়িতে গিয়ে খোঁজ করার অভিযোগ তিনি অস্বীকার করেন।
কাল রোববার জুলাই মাসের বকেয়া বেতন দেওয়ার কথা তোবা কর্তৃপক্ষের। গত বৃহস্পতিবার তোবার মালিক দেলোয়ার হোসেনকে এমনটাই নির্দেশ দিয়েছেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান ও শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক। তবে এ বিষয়ে তোবা গ্রুপের পক্ষ থেকে সুস্পষ্ট কোনো জবাব মেলেনি। দেলোয়ার হোসেনের মুঠোফোন এখনো বন্ধ। বৃহস্পতিবার রাত নয়টায় তোবার কর্মকর্তা জিয়াউর রহমান প্রথম আলোকে জানিয়েছিলেন, টাকা জোগাড় হয়নি (তখন পর্যন্ত)। চেষ্টা চলছে। অবশ্য গতকাল তাঁর মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করলেও বন্ধ পাওয়া গেছে।
জানতে চাইলে বিজিএমইএর সহসভাপতি শহিদুল্লাহ আজিম প্রথম আলোকে বলেন, ‘দেলোয়ারের সঙ্গে কথা হয়েছে। তিনি সরকার ও বিজিএমইএর নির্দেশমতো রোববার কারখানা থেকে বেতন দেবেন বলে জানিয়েছেন।’ এত দ্রুত কীভাবে টাকা জোগাড় হলো এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এখনো হয়তো টাকা জোগাড় হয়নি। তবে দেলোয়ার জমি বন্ধক রেখে টাকা জোগাড়ের চেষ্টা করছেন।
দেলোয়ার হোসেন কি আবার ওই পাঁচ কারখানা চালু করবেন—এমন প্রশ্নের জবাবে শহিদুল্লাহ আজিম বলেন, অনেক সেলাই মেশিনের দামি যন্ত্রাংশ ও ঠিকা কাজের ফেব্রিকসও চুরি হয়ে গেছে। সব মিলিয়ে কারখানাগুলো চালু করতে প্রায় কোটি টাকার মতো লাগবে। তবে তিনি (দেলোয়ার) বলেছেন, চালু করবেন।
বিক্ষোভ মিছিলে পুলিশের বাধা: ধমর্ঘটের সমর্থনে সংগ্রাম কমিটির ব্যানারে গার্মেন্টস শ্রমিক সংহতি, গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র ও রানা প্লাজা শ্রমিক ইউনিয়নের নেতা-কর্মীসহ অর্ধশতাধিক শ্রমিক গতকাল বিকেল সাড়ে চারটার দিকে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি সাভার বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-আরিচা মহাসড়ক ঘুরে রানা প্লাজার সামনে পৌঁছালে পুলিশ হামলা চালায়। পুলিশ ব্যানার কেড়ে নিয়ে লাঠিপেটা করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়।
পুলিশের লাঠিপেটায় রানা প্লাজা শ্রমিক ইউনিয়নের সভাপতি এমদাদুল ইসলাম, সাধারণ সম্পাদক আবদুল গফুর, গার্মেন্ট শ্রমিক সংহতির সদস্যসচিব জুলহাস নাঈম, সদস্য দীপক রায়, নাসরিন আক্তার ও আলম মাতব্বরসহ অন্তত ১০ জন আহত হন।
গতকাল বিকেল পাঁচটার দিকে সংগ্রাম কমিটির ব্যানারে আশুলিয়ার জামগড়া এলাকায় মিছিল বের করলে পুলিশ সেখানেও শ্রমিকদের ওপর হামলা চালায়। মিছিলটি জামগড়া এলাকার ফ্যান্টাসি কিংডমের সামনে পৌঁছালে পুলিশ লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে দেয়। এতে শ্রমিকনেতা খায়রুল মামুন, আবু শামাসহ অন্তত ১০ নেতা-কর্মী আহত হন।
পরে এমদাদুল ইসলাম বলেন, ‘যত বাধাই আসুক না কেন আগামীকালের (আজ) ধর্মঘট সফল হবেই। সাভার ও আশুলিয়ার পোশাকশ্রমিকেরা কোনো কাজ করবে না।’
ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাভার-আশুলিয়া অঞ্চলের সাধারণ সম্পাদক খায়রুল মামুন বলেন, তোবা গ্রুপের শ্রমিকসহ এ অঞ্চলের শ্রমিকদের বিভিন্ন দাবি আদায়ের লক্ষ্যে শনিবার ধমর্ঘট আহ্বান করা হয়েছে। এর সমর্থনে শান্তিপূর্ণ মিছিল বের করলে পুলিশ কোনো কারণ ছাড়াই লাঠিপেটা করেছে।
তোবা গ্রুপ শ্রমিক সংগ্রাম কমিটি আজ দেশের সব পোশাক কারখানা ধর্মঘট পালন করতে শ্রমিকসহ সবাইকে আহ্বান জানিয়েছে।
শ্রমিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন: তোবা গ্রুপের শ্রমিকদের আন্দোলনে পুলিশের নির্যাতনের ঘটনায় নিন্দা জানিয়ে মানববন্ধন করেছেন কোয়ালিশন ফর হিউম্যানিটির নেতারা। একই সঙ্গে তাঁরা দ্রুততম সময়ের মধ্যে শ্রমিকদের পাওনা মিটিয়ে দিতে সরকারের হস্তক্ষেপ কামনা করেন।
চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে গতকাল আয়োজিত সংগঠনের মানববন্ধনে বক্তব্য দেন কোয়ালিশন ফর হিউম্যানিটির আহ্বায়ক নুরুল ইসলাম ফারুক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক সাঈদ আহসান খালিদ, গণসংহতি আন্দোলন চট্টগ্রামের সমন্বয়ক হাসান মারুফ প্রমুখ।
শ্রমিকদের মুক্ত করতেই সরকারের হস্তক্ষেপ: নৌপরিবহনমন্ত্রী
শ্রমিকদের কল্যাণেই ট্রেড ইউনিয়নকে সব ধরনের রাজনৈতিক বেড়াজালের বাইরে থাকতে হবে। একই সঙ্গে সুষ্ঠু ট্রেড ইউনিয়নের চর্চা নিশ্চিত করতে শ্রমিক-মালিক-সরকারকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তোবা কারখানার শ্রমিকদের মুক্ত করতেই সরকার হস্তক্ষেপ করে। তোবা শ্রমিকদের আটকে রেখে মারধর করা হলে এবং তাঁদের বিজিএমইএ ভবনে মজুরি নিতে বাধা দেওয়ায় তাঁদের মুক্ত করতে সরকার এই হস্তক্ষেপ করতে বাধ্য হয়।
গতকাল শুক্রবার রাজধানীর বসুন্ধরা সিটিতে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ‘পাবলিক পার্লামেন্ট’ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠানে নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।