পুলিশের লাঠিপেটায় জামায়াতের মানববন্ধন কর্মসূচি পণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুলিশের লাঠিপেটা ও ধরপাকড়ের মুখে রাজধানীতে মানববন্ধন করতে পারেনি জামায়াতে ইসলামী। সিএনজি ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে গতকাল সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করার ঘোষণা দিয়েছিল সংগঠনটি।জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলাম অভিযোগ করেন, পুলিশ তাঁদের শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচিতে হামলা চালিয়ে নেতা-কর্মীদের আহত করেছে, অনেককে গ্রেপ্তার করেছে।রমনা অঞ্চলের পুলিশের উপকমিশনার কৃষ্ণপদ রায় প্রথম আলোকে বলেন, ‘কিছু দুষ্কৃতকারী মানববন্ধনের নামে রাস্তা আটকে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার পাঁয়তারা করছিল। আমরা তাদের রাস্তা থেকে সরিয়ে দিয়েছি।’বেলা সাড়ে ১১টার নির্ধারিত মানববন্ধনে অংশ নিতে জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা বেলা ১১টায় প্রেসক্লাবের আশপাশে জড়ো হন। এ সময় প্রেসক্লাবের সামনের রাস্তায় ছাত্রদলের মানববন্ধন কর্মসূচি চলছিল। তা শেষ হওয়ার আগেই জামায়াতের নেতা-কর্মীরা সারি বেঁধে রাস্তায় দাঁড়ান।আগে থেকেই প্রেসক্লাবের সামনে জলকামান ও ভ্যান নিয়ে উপস্থিত ছিল বিপুলসংখ্যক পুলিশ। কর্মীরা রাস্তায় দাঁড়ানোর সঙ্গে সঙ্গে পুলিশ লাঠিপেটা শুরু করলে তাঁরা ছত্রভঙ্গ হয়ে যান। একপর্যায়ে জামায়াত-শিবিরের কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল মারেন। ওই এলাকা থেকে ১৭ জনকে জামায়াতের কর্মী সন্দেহে আটক করে শাহবাগ থানায় নেওয়া হয়।পরে প্রেসক্লাবের ফটকের সামনে দাঁড়িয়ে এ টি এম আজহারুল ইসলাম সংক্ষিপ্ত বক্তব্য দেন। তিনি নিন্দা জানিয়ে বলেন, ‘সরকার যতই জুলুম-নির্যাতন চালাক, শেষ পর্যন্ত পতন ঠেকাতে পারবে না।’ সভাপতির বক্তব্যে রফিকুল ইসলাম খান বলেন, মানববন্ধনের মতো শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দিয়ে সরকার প্রমাণ করেছে তারা গণতন্ত্রে বিশ্বাস করে না। জামায়াত দাবি করেছে, পুলিশের লাঠিতে ঢাকা মহানগর সেক্রেটারি নূরুল ইসলাম বুলবুলসহ সাতজন আহত হয়েছেন।ইসলামী আন্দোলনের মানববন্ধন হয়নি: বেলা দুইটায় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করার চেষ্টা করে ব্যর্থ হয়েছে ইসলামী আন্দোলন। পুলিশ লাঠিচার্জ করে তাদের ব্যানার কেড়ে নেয়।সংবিধান থেকে আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস তুলে দেওয়ার কথিত চক্রান্তের প্রতিবাদ এবং বাসভাড়াসহ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে তারা এ কর্মসূচি দিয়েছিল।