সিলেটে কথিত এমএলএম প্রতিষ্ঠান ইউনিপেটুইউর জব্দ করা হিসাব খুলে দেওয়ার দাবিতে গতকাল বৃহস্পতিবার ‘গ্রাহক ফোরামের’ ডাকা মহাসড়ক অবরোধ কর্মসূচি পুলিশের বাধায় ভণ্ডুল হয়েছে। পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী, দুপুরে গ্রাহক ফোরামের সদস্যরা মহাসড়ক অবরোধ করার আগে বিক্ষোভ মিছিল বের করেন। পুলিশ লাঠিপেটা করে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়। পরে মহাসড়ক অবরোধ করতে তাঁরা সংগঠিত হওয়ার চেষ্টা চালালে পুলিশ পাঁচজনকে আটক করে। পুলিশের লাঠিপেটায় সাতজন গ্রাহক আহত হয়েছেন বলে ফোরামের নেতারা জানান।গ্রাহকেরা জানান, জব্দ করা হিসাব খুলে দেওয়ার দাবিতে ৫ মে সিলেটে গ্রাহক ফোরাম একটি সমাবেশ করে। ওই সমাবেশে ঘোষিত কর্মসূচি অনুযায়ী গতকাল সকালে তাঁদের সিলেটের দক্ষিণ সুরমার চন্ডিপুলের কাছে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করার কথা ছিল। কর্মসূচি পালনে সিলেট বিভাগের চার জেলায় মতবিনিময় সভা হয়। গতকাল কর্মসূচি পালনে তিন শতাধিক গ্রাহক জড়ো হন। গ্রাহকদের ভাষ্যমতে, সকাল থেকে মোটরসাইকেল শোভাযাত্রা করে চন্ডিপুলের কাছে মহাসড়ক অবরোধ করার প্রস্তুতি নেন তাঁরা। পুলিশ সেখানে গিয়ে তাঁদের বাধা দেয়। দুপুর ১২টার দিকে গ্রাহক ফোরামের সদস্যরা ব্যানার নিয়ে বিক্ষোভ শুরু করেন। পরে বিক্ষোভ মিছিলটি নগরে প্রবেশ করে।প্রত্যক্ষদর্শীরা জানান, বিক্ষোভ মিছিল চলাকালে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সিলেট সার্কিট হাউসে অবস্থান করছিলেন। বিক্ষোভকারীরা সার্কিট হাউসে যাওয়ার চেষ্টা করলে পুলিশ লাঠিপেটা শুরু করে। এতে বিক্ষোভকারীরা ছত্রভঙ্গ হয়ে যান। প্রায় আধা ঘণ্টা পর তাঁরা চন্ডিপুলে গিয়ে আবার মহাসড়ক অবরোধের চেষ্টা করেন। এ সময় পুলিশ পাঁচজনকে আটক করে। গ্রাহক ফোরাম সিলেটের সাধারণ সম্পাদক আলতাফ মাহমুদ প্রথম আলোকে বলেন, সার্কিট হাউসের কাছে যাওয়ামাত্র পুলিশ মিছিলে অংশ নেওয়া গ্রাহকদের বেধড়ক লাঠিপেটা করে। পরে মহাসড়ক অবরোধ করতে গেলে সেখান থেকে সুহেল আহমদ, দুলাল আহমদ, আবুল কালাম, সখাই মিয়া ও ময়নুল ইসলাম নামের পাঁচজনকে আটক করে নিয়ে যায় পুলিশ। তিনি বলেন, পুলিশের লাঠিপেটায় আহত ফয়সল, এনাম, আলীম, রনি, রুবেল, আফসার ও রহিম বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন। সিলেট কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) নারায়ণ দত্ত বলেন, ইউনিপেটুইউর গ্রাহকেরা কোনো অনুমতি না নিয়েই মহাসড়ক অবরোধ করেন। একপর্যায়ে মোটরসাইকেল শোভাযাত্রা নিয়ে নগরে মিছিলের নামে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেন তাঁরা। এ জন্য পুলিশ বাধা দিয়েছে।