পুলিশের শীতবস্ত্র বিতরণ
বাড্ডা এলাকার দুস্থ ও অসহায় মানুষের মধ্যে শীতবস্ত্র হিসেবে কম্বল দিয়েছে ঢাকা মহানগর পুলিশ। সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে ঢাকা মহানগর পুলিশ গতকাল মঙ্গলবার সন্ধ্যায় বাড্ডায় সিরাজ মিয়া মেমোরিয়াল স্কুল মাঠে ১ হাজার ২০০ ব্যক্তির হাতে কম্বল তুলে দেওয়া হয়।
ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া দুস্থদের হাতে কম্বল তুলে দেন। এ সময় তিনি বলেন, পুলিশ জনগণের নিরাপত্তায় রাতদিন ২৪ ঘণ্টা কাজ করছে। জঙ্গিবাদ, সন্ত্রাস, মাদক, চুরি-ডাকাতিসহ অন্যান্য অপরাধে জড়িত না হওয়ার আহ্বান জানান তিনি। পাশাপাশি কারও কাছে অন্য ব্যক্তির অপরাধে জড়িয়ে পড়ার তথ্য থাকলে তা পুলিশকে জানানোর অনুরোধও করেন। নিরাপদ ও সুন্দর ঢাকা গড়তে ডিএমপি কমিশনার সবার সহযোগিতা কামনা করেন। এ সময় ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. মিজানুর রহমান, দিদার আহমেদ, জামিল আহমেদসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ ছাড়া রাজারবাগে আয়োজিত এক অনুষ্ঠানে ডিএমপি কমিশনার শিশুদের প্রতি বিশেষ নজর রাখার জন্য অভিভাবকদের আহ্বান জানিয়েছেন।