পুলিশের সক্ষমতা বৃদ্ধির সভা করছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুলিশের সক্ষমতা ও সুযোগ-সুবিধা বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার। গত পাঁচ বছরে মহাজোট সরকারের এ-সংক্রান্ত কাজের ধারাবাহিকতায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম আজ রোববার বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বিষয়ে এক সভা ডেকেছেন।
মহাজোট সরকারের প্রধানমন্ত্রীর জনপ্রশাসনবিষয়ক উপদেষ্টা হিসেবে এইচ টি ইমাম পুলিশের সক্ষমতা ও সুযোগ-সুবিধা বাড়ানোর বিষয়ে কাজ করেছেন। গত ২৪ নভেম্বর, উপদেষ্টা পদ থেকে পদত্যাগের এক দিন আগেও তিনি পুলিশের সুযোগ-সুবিধা বাড়ানোর একটি প্রস্তাবের সারসংক্ষেপ তৈরি করে প্রধানমন্ত্রীর অনুমোদন নিয়ে বাস্তবায়নের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠান। ওই প্রস্তাবকে অনেকে তখন পুলিশের জন্য ‘নির্বাচনী প্যাকেজ’ বলে অভিহিত করেছিলেন। নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর এইচ টি ইমামকে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নিয়োগ করা হয়েছে। কিন্তু তাঁর সভাপতিত্বে অনুষ্ঠেয় আজকের সভায় পুলিশ বাহিনীতে নিয়োগ ও প্রশিক্ষণ, নতুন ইউনিট গঠনের অগ্রগতি, পুলিশ বাহিনীর সক্ষমতা প্রভৃতি পর্যালোচনা করা হবে।
এ ছাড়া পুলিশের অন্যান্য ভাতা বাড়ানো, পর্যটন পুলিশ গঠন, পুলিশের জনবল বাড়ানো প্রভৃতি বিষয়েও সভায় আলোচনা হতে পারে বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। এ সভায় উপস্থিত থাকতে বলা হয়েছে জনপ্রশাসনসচিব, স্বরাষ্ট্রসচিব, অর্থসচিব, আইনসচিব, পুলিশের মহাপরিদর্শক ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের সংশ্লিষ্ট কয়েকজন কর্মকর্তাকে।
এই সভা ডাকা নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কিছু কর্মকর্তার মধ্যে প্রশ্ন উঠেছে। তাঁরা বলেন, প্রধানমন্ত্রীর জনপ্রশাসনবিষয়ক উপদেষ্টা হিসেবে যিনি পুলিশের বিষয়টি দেখভাল করেছেন, রাজনৈতিক উপদেষ্টা হয়েও কি তিনি একই কাজ করবেন? তাহলে কি পুলিশ বাহিনীকে রাজনৈতিকভাবে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে!
জানতে চাইলে জনপ্রশাসনসচিব আবদুস সোবহান সিকদার প্রথম আলোকে বলেন, জনপ্রশাসন উপদেষ্টা জনপ্রশাসন বিষয়ে সিদ্ধান্ত দেবেন আর রাজনৈতিক উপদেষ্টা রাজনৈতিক বিষয়ে, এটাই নিয়ম। তবে যদি কাউকে বিশেষ দায়িত্ব দেওয়া হয়ে থাকে অথবা ধারাবাহিকতা বজায় রাখার জন্য বলা হয়ে থাকে, তাহলে তিনি এ ধরনের দায়িত্ব পালন করতে পারেন। এটি প্রধানমন্ত্রীর এখতিয়ার।
তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের মতে, সব কাজের একটা নিয়ম আছে এবং সবারই উচিত তা অনুসরণ করা। নিয়মের ব্যত্যয় ঘটালেই সমস্যা হয়। পুলিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন একটি বিভাগ। সুযোগ-সুবিধা বাড়াতে হলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমেই তা করা উচিত। তা না করলে পুলিশ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে দূরত্ব সৃষ্টি হতে পারে। এমনিতেই স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশের মধ্যে নানা বিষয় নিয়ে টানাপোড়েন চলছে।