পুলিশের সঙ্গে এলাকাবাসীর সংঘর্ষ, আহত ৩০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় ছেলেধরা সন্দেহে এক নারীকে মারধর করা হয়েছে। পরে তাঁকে উদ্ধার করার সময় স্থানীয় লোকজনের সঙ্গে পুলিশের সংঘর্ষে সাংবাদিক ও পুলিশসহ ৩০ ব্যক্তি আহত হন। গতকাল শুক্রবার উপজেলার দড়ি সোনাকান্দা এলাকায় এ ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, গতকাল বিকেলে দড়ি সোনাকান্দা এলাকায় এক নারী (৫০) ঘোরাফেরা করছিলেন। তখন স্থানীয় কিছু লোক ছেলেধরা সন্দেহে তাঁকে মারধর করতে থাকে। এ সময় স্থানীয় দড়ি সোনাকান্দা সমাজকল্যাণ সংস্থার কর্মকর্তারা ওই নারীকে উদ্ধার করে সংগঠনের কার্যালয়ে নিয়ে যান। কিছু লোক ওই নারীকে ছেলেধরা হিসেবে আখ্যা দিয়ে তাঁকে তাদের হাতে তুলে দেওয়ার দাবি জানায়। সংস্থার কর্মকর্তারা ওই নারীকে তাদের হাতে তুলে না দিয়ে পুলিশে খবর দেন। সন্ধ্যার পর পুলিশ ওই নারীকে উদ্ধার করতে যায়। ওই সময় তাঁকে ছিনিয়ে নিতে সমাজকল্যাণ সংস্থার কার্যালয়ে হামলা চালায় লোকজন। এ সময় পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ বেধে যায়। এ ঘটনায় সাংবাদিক এম এ শাহীন, পুলিশের এসআই তরিকুল, এএসআই সাইফুল, কনস্টেবল কুদ্দুস, শহীদ, রফিকুল, আশরাফ, আলীম ও আসলাম, দড়ি সোনাকান্দা সমাজকল্যাণ সংস্থার কর্মকর্তা মুন্না, শাহীন, নাজিম উদ্দিন, সাদ্দামসহ কমপক্ষে ৩০ ব্যক্তি আহত হন। তাঁদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনার সময় সমাজকল্যাণ সংস্থার কার্যালয়ে ব্যাপক ভাঙচুর চালানো হয়। পরে পুলিশ ওই নারীকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন বলেন, উদ্ধার করা ওই নারী তাঁর নাম একেক সময় একেকটা বলছেন। আচরণে তাঁকে মানসিক প্রতিবন্ধী বলে মনে হচ্ছে।