নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জের জালকুড়িতে গতকাল রোববার রাতে পুলিশকে লাঞ্ছিত করার ঘটনায় সিটি করপোরেশনের বিএনপি-সমর্থিত এক কাউন্সিলরকে আটক করা হয়েছে। এর প্রতিবাদে এলাকাবাসী ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়ক (লিংক রোড) তিন ঘণ্টা অবরোধ করে রাখে। এ সময় পুলিশের সঙ্গে এলাকাবাসীর পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়। এতে পাঁচ পুলিশ সদস্যসহ ৫০ জন আহত হয়। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রের ভাষ্যমতে, নারায়ণগঞ্জ-৩ আসনের আওয়ামী লীগদলীয় সাংসদ আবদুল্লাহ আল কায়সারের এক আত্মীয়কে মারধর করেন সিটি করপোরেশনের ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ইসরাফিল প্রধান। পরে সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক আতাউর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল গতকাল সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জের জালকুড়িতে ইসরাফিল প্রধানের কার্যালয়ে গিয়ে তাঁর কাছে বিষয়টি জানতে চায়। এ সময় কাউন্সিলর ইসরাফিল স্থানীয় সাংসদ আবদুল্লাহ আল কায়সার ও সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল আলম মোল্লাকে উদ্দেশ করে গালাগাল করেন। এর প্রতিবাদ করলে কাউন্সিলর পুলিশের এসআই আতাউর রহমানকে লাঞ্ছিত করেন। পরে পুলিশ তাঁকে আটক করে সিদ্ধিরগঞ্জ থানায় নিয়ে যায়। এ ঘটনার প্রতিবাদে বিক্ষুব্ধ এলাকাবাসী লাঠিসোঁটা নিয়ে রাত সোয়া আটটার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের জালকুড়ি এলাকায় অবরোধ করে। তারা সড়কে টায়ার ও ঝুটের কাপড়ে অগ্নিসংযোগ করে বিক্ষোভ দেখায়। খবর পেয়ে র্যাব ও পুলিশ গিয়ে এলাকাবাসীকে সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে। এ সময় পুলিশের সঙ্গে এলাকাবাসীর পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়। ভাঙচুর করা হয় ২০-৩০টি গাড়ি। এ ঘটনায় রাত আটটা থেকে ১১টা পর্যন্ত ওই সড়কে যান চলাচল বন্ধ থাকে। এতে ওই এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। যানজট ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড মোড় পর্যন্ত বিস্তৃত হয়। ভোগান্তির শিকার হয় হাজার হাজার যাত্রী। সূত্র জানায়, পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ অর্ধশতাধিক রাবার বুলেট ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। রাত ১১টার দিকে পরিস্থিতি স্বাভাবিক হয়।এদিকে ইসরাফিলের শ্যালক কবির হোসেন সাংবাদিকদের বলেন, একটি সালিসকে কেন্দ্র করে আওয়ামী লীগের নেতা বিল্লাল হোসেনের সঙ্গে ইসরাফিলের তর্ক হয়। এর কিছু সময় পরে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে কাউন্সিলরের কার্যালয়ের সামনে থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাঁকে আটক করে নিয়ে যান।পুলিশ সুপার শেখ নাজমুল আলম জানান, সংঘর্ষের ঘটনায় পুলিশের পাঁচ সদস্য আহত হয়েছেন।