পুলিশের সঙ্গে গোলাগুলি, বোমাসহ চরমপন্থী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ায় গত শনিবার গভীর রাতে চরমপন্থীদের সঙ্গে গোলাগুলির পর পুলিশ পাঁচটি বোমাসহ আকরাম হোসেন (২১) নামের এক কলেজছাত্রকে গ্রেপ্তার করেছে। আকরাম কুষ্টিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের প্রথম বর্ষের ছাত্র। পুলিশের দাবি, আকরাম পূর্ববাংলার কমিউনিস্ট পার্টির (এমএল-জনযুদ্ধ) সক্রিয় সদস্য। সদর উপজেলার বামন গ্রামের বাহার আলীর ছেলে আকরামের বিরুদ্ধে তিনটি হত্যাসহ চারটি মামলা রয়েছে। কুষ্টিয়ার সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) সি এ হালিম জানান, কুষ্টিয়া সদর ও ইসলামী বিশ্ববিদ্যালয় থানার পুলিশ জানতে পারে, চরমপন্থী দলের সদস্য আকরাম তাঁর দলবল নিয়ে নাশকতার উদ্দেশ্যে সদর উপজেলার ঝাউদিয়া গ্রামের জনৈক আজিজের ইটভাটায় গোপন বৈঠক করছেন। গত শনিবার দিবাগত রাত পৌনে দুইটার দিকে সেখানে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে আকরাম, তাঁর দুই সহযোগী নবীন ও আতিয়ার পুলিশকে লক্ষ্য করে কয়েকটি গুলি ছোড়ে। পুলিশও পাল্টা দুইটি গুলি চালায়। একপর্যায়ে নবীন ও আতিয়ার পালিয়ে যান। পুলিশ আকরামকে ব্যাগভর্তি পাঁচটি বোমাসহ গ্রেপ্তার করে।সি এ হালিম আরও জানান, আকরামের বিরুদ্ধে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থানায় দুটি হত্যা, একটি অপহরণ ও ইসলামী বিশ্ববিদ্যালয় থানায় একটি হত্যা মামলা রয়েছে।