পুলিশের সঙ্গে গোলাগুলিতে 'ডাকাত' নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার দাউদকান্দিতে গত রোববার রাতে ডাকাত-পুলিশ গোলাগুলিতে এক ‘ডাকাত’ নিহত হয়েছে। আহত হয়েছেন পুলিশের দুই সদস্যসহ চারজন।
পুলিশ সূত্রের বিবরণ অনুযায়ী, রোববার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার হাসানপুর শহীদ নজরুল সরকারি ডিগ্রি কলেজের পূর্ব পাশের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পাঁচ-ছয়জনের ডাকাত দল রড দিয়ে আঘাত করে একটি ব্যক্তিগত গাড়ির পেছনের কাচ ভেঙে ফেলে। চালক গাড়িটি থামিয়ে দরজা খুললে ডাকাতেরা চালকের ডান পায়ে গুলি করে সর্বস্ব ছিনিয়ে নেয়। এ সময় টহল পুলিশের গাড়ি ঘটনাস্থলে পৌঁছে। একপর্যায়ে ডাকাত ও পুলিশের মধ্যে গোলাগুলি শুরু হয়। এতে অজ্ঞাতপরিচয় ডাকাত (৪০) মারা যান। আহত হন পুলিশের দুই সদস্যসহ চারজন। ডাকাতেরা লুণ্ঠিত মুঠোফোন, টাকা ও মালামাল ফেলে পালিয়ে যায়।
আহত ব্যক্তিরা হলেন এসআই আতিকুর, কনস্টেবল ইসহাক, ব্যক্তিগত গাড়ির চালক তাজুল ও আরোহী কেবা রাখাইন।