পুলিশের সঙ্গে জামায়াত-শিবিরের সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতে ইসলামীর নেতা মোহাম্মদ কামারুজ্জামানের ফাঁসির রায় ঘোষণার পর গতকাল বৃহস্পতিবার খুলনা, বগুড়া, চট্টগ্রাম, জয়পুরহাট ও টঙ্গীতে ককটেল বিস্ফোরণ, সড়ক অবরোধ, গাড়িতে আগুন ও ভাঙচুর করেছেন দলটির নেতা-কর্মীরা।রাজশাহীতে পুলিশের সঙ্গে সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হয়েছেন ছাত্রশিবিরের এক কর্মী।

ঢাকার বাইরে থেকে নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:

রাজশাহী: রায় ঘোষণার পরপরই পবা উপজেলা পরিষদের সামনে রাজশাহী-নওগাঁ সড়কে বিদ্যুতের খুঁটি ফেলে অবরোধ করেন জামায়াত-শিবিরের কর্মীরা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। জামায়াত-শিবিরের কর্মীরা পুলিশকে লক্ষ্য করে দুটি ককটেল ও ইটপাটকেল নিক্ষেপ করেন। পুলিশ তাঁদের লক্ষ্য করে রাবার বুলেট, কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। একপর্যায়ে নেতা-কর্মীরা সেখান থেকে পালিয়ে যান।

এদিকে, বিকেল চারটার দিকে রাজশাহী নগরের খড়খড়ি এলাকায় রাজশাহী-ঢাকা বাইপাস মহাসড়ক অবরোধ করেন শিবিরের কর্মীরা। সেখানে রাস্তার ওপর টায়ারে আগুন দিয়ে বিক্ষোভ করতে থাকেন তাঁরা। খবর পেয়ে পুলিশ গেলে তাদের লক্ষ্য করে ককটেল ও ইটপাটকেল নিক্ষেপ করা হয়। পুলিশ তাঁদের ছত্রভঙ্গ করতে রাবার বুলেট, সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। এ সময় শিবিরের সঙ্গে পুলিশের কয়েক দফা পাল্টাপাল্টি ধাওয়া হয়। একপর্যায়ে শিবিরের এক কর্মী পায়ে গুলিবিদ্ধ হন। পরে গুলিবিদ্ধ কর্মীকে নিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন শিবিরের কর্মীরা।

চট্টগ্রাম: বিকেলে নগরের তৃতীয় কর্ণফুলী সেতু এলাকায় একটি বাসে আগুন দেন শিবিরের কর্মীরা। এ সময় তাঁরা কয়েকটি যানবাহন ভাঙচুরের পাশাপাশি ককটেলের বিস্ফোরণ ঘটান। ঘটনার পর সেখান থেকে দুজনকে আটক করে পুলিশ।

বাকলিয়া থানার ওসি এ কে এম এস ইকবাল জানান, মোটরসাইকেলে করে কয়েকজন যুবক এসে শাহ আমানত সেতু এলাকায় দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দেন। পরে বাসের চালকের সহযোগিতায় স্থানীয় একটি দোকান থেকে দুই যুবককে আটক করা হয়।

খুলনা: বেলা তিনটার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে জামায়াত-শিবির। মিছিলটি কিছু দূর যাওয়ার পর এলাকাবাসী ও ছাত্রলীগের নেতা-কর্মীরা তাদের ধাওয়া করে। তখন জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা তাঁদের লক্ষ্য করে চারটি ককটেলের বিস্ফোরণ ঘটান। এ ছাড়া তাঁরা আটটি ইজিবাইক ভাঙচুর করেন। তাঁদের হামলায় দুজন ইজিবাইক চালক আহত হন।

বগুড়া: দুপুর আড়াইটার দিকে শহরের সাতমাথা-শেরপুর সড়কের ইয়াকুবিয়া মোড় এলাকায় টহল পুলিশকে লক্ষ্য করে একটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত পালিয়ে যান জামায়াত-শিবিরের কর্মীরা। প্রায় একই সময়ে শহরের কলোনি ভাইপাগলার মাজারসংলগ্ন এলাকায় শেরপুর সড়কে পর পর দুটি ককটেলের বিস্ফোরণ ঘটায় জামায়াত-শিবির। এ সময় পুলিশ রাবার বুলেট ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। বেলা তিনটার দিকে শহরের চারমাথা বাস টার্মিনাল এলাকায় রংপুর-ঢাকা মহাসড়ক অবরোধের চেষ্টা করে জামায়াত-শিবির। এ সময় তারা একটি ককটেল বিস্ফোরণ ঘটায়। পরে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ সহিদ আলম জানান, এসব ঘটনায় ১৩ জনকে আটক করা হয়েছে।

জয়পুরহাট: রায় ঘোষণার পরপরই জয়পুরহাট-পাহাড়পুর রাস্তার নাকুরিয়ার কাছে শিবিরের কর্মীরা গাছ কেটে এবং ইট ছড়িয়ে রাস্তা অবরোধ করেন। একই সময়ে জয়পুরহাট-আক্কেলপুর সড়কে পাইকড়তলী (ধুলাতর) নামক স্থানে রাস্তায় কলাগাছ কেটে ব্যারিকেড দেওয়া হয়। এ ছাড়া জয়পুরহাট-পাঁচবিবি সড়কের পুরানাপৈল এবং জয়পুরহাট-বগুড়া সড়কের হিচমি নামক স্থানে রাস্তা অবরোধের চেষ্টা করে জামায়াত-শিবির। পরে পুলিশ, র‌্যাব ও বিজিবির সদস্যরা গেলে অবরোধ তুলে নেওয়া হয়।

টঙ্গী: গতকাল সন্ধ্যায় স্থানীয় জামায়াত-শিবিরের কর্মীরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী চেরাগআলী ও কলেজগেট এলাকায় মহাসড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও তিনটি গাড়িতে আগুন দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ জানায়, সন্ধ্যা সাতটায় জামায়াত-শিবিরের কর্মীরা হঠাৎ মহাসড়ক অবরোধ করে বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর এবং একটি ট্রাক, একটি কাভার্ড ভ্যানসহ তিনটি গাড়িতে অগ্নিসংযোগ করেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

নারায়ণগঞ্জ: প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, গতকাল বেলা সাড়ে চারটার দিকে নারায়ণগঞ্জ সদর উপজেলার কাশীপুর ইউনিয়ন পরিষদের সামনে থেকে জামায়াত ও ছাত্রশিবিরের ৩৫ থেকে ৪০ জন নেতা-কর্মী একটি ঝটিকা মিছিল বের করেন। মিছিল থেকে হরতালের পক্ষে ও কামারুজ্জামানের ফাঁসির রায়ের বিপক্ষে স্লোগান দেওয়া হয়। মিছিলকারীরা বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করেন এবং একটি কাভার্ড ভ্যানে পেট্রল ঢেলে আগুন দেওয়ার চেষ্টা করেন। এ ছাড়া তাঁরা সড়কে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেন। ঘটনার সময় ঢাকা-নারায়ণগঞ্জ-মুন্সিগঞ্জ সড়কে প্রায় ১০ মিনিট যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ ঘটনাস্থলে গেলে জামায়াত-শিবিরের লোকজন পালিয়ে যান। ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।