পুলিশের সঙ্গে জামায়াত-শিবিরের সংঘর্ষে আহত ৬৮, আটক ৯

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খুলনা নগরের সোনাডাঙ্গা এলাকায় মহিলা ক্রীড়া কমপ্লেক্সের সামনে গতকাল সকালে জামায়াত-শিবিরের কর্মীরা পেট্রল ঢেলে আগুন ধরিয়ে সড়ক অবরোধ করেন প্রথম আলো
খুলনা নগরের সোনাডাঙ্গা এলাকায় মহিলা ক্রীড়া কমপ্লেক্সের সামনে গতকাল সকালে জামায়াত-শিবিরের কর্মীরা পেট্রল ঢেলে আগুন ধরিয়ে সড়ক অবরোধ করেন প্রথম আলো

১৮-দলীয় জোটের অবরোধ চলাকালে গতকাল বুধবার নড়াইলে জামায়াত-শিবিরের সঙ্গে পুলিশের সংঘর্ষে আট পুলিশসহ ৫০ জন আহত হয়েছেন। এ সময় শিবিরের কর্মীরা পেট্রলবোমা ছুড়ে পুলিশের একটি পিকআপ ভ্যান পুড়িয়ে দেন। সংঘর্ষে আহত সদর থানার পরিদর্শক (তদন্ত) মোক্তার হোসেনকে (৪০) আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে জামায়াত নেতা আবদুল কাদের মোল্লার ফাঁসির রায় কেন্দ্র করে গতকাল খুলনা নগরের সোনাডাঙ্গা এলাকায় কয়েক দফা সংঘর্ষে ১২ জন আহত হয়। ওই ঘটনায় পুলিশ শিবিরের পাঁচ কর্মীকে আটক করেছে। ডুমুরিয়া উপজেলায় পুলিশের সঙ্গে জামায়াত-শিবিরের সংঘর্ষে দুই পুলিশসহ অন্তত ছয়জন আহত হন। এ সময় পুলিশ চারজনকে আটক করে। প্রথম আলোর আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
নড়াইল: জামায়াত-শিবিরের কয়েক শ কর্মী নড়াইল-মাগুরা সড়কের ডুমুরতলা এলাকায় গতকাল ভোরে গাছের গুঁড়ি ফেলে রাস্তা অবরোধ করেন। সকাল সাতটার দিকে একটি পিকআপ ভ্যানে করে কয়েকজন পুলিশ ডুমুরতলা মোড়ে গিয়ে গাছের গুঁড়ি সরানোর চেষ্টা করলে তাঁদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বাধে। এ সময় জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা পুলিশের ওপর আক্রমণ চালান। গুলি ছুড়তে ছুড়তে পুলিশ পিছু হটে গেলে অবরোধকারীরা পুলিশের পিকআপ ভ্যানটি লক্ষ্য করে পেট্রলবোমা ছোড়েন। এতে ভ্যানটি পুড়ে যায়। এ সময় হামলাকারীরা সদর থানার পরিদর্শক (তদন্ত) মোক্তার হোসেনকে রাম দা দিয়ে কুপিয়ে রাস্তার ওপর ফেলে রাখেন। পরে পুলিশ এসে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
জেলা জামায়াতের সেক্রেটারি আশেক এলাহী মুঠোফোনে দাবি করেন, পুলিশ বিনা উসকানিতে অবরোধকারীদের ওপর গুলিবর্ষণ শুরু করে। এতে আটজন গুলিবিদ্ধসহ ৪০ জনের মতো নেতা-কর্মী আহত হন। এর মধ্যে গুলিবিদ্ধ সদর উপজেলার চরবিলা গ্রামের রাসেল (২৫), মাইজপাড়া গ্রামের ইয়াছিনের অবস্থা আশঙ্কাজনক। ভারপ্রাপ্ত পুলিশ সুপার এ বি এম নুরুজ্জামান জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৭০ থেকে ৮০টি গুলি ছুড়েছে। এ সময় জামায়াত-শিবিরের হামলায় আটজন পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন।
খুলনা: জামায়াত নেতা আবদুল কাদের মোল্লার ফাঁসির রায় কেন্দ্র করে গতকাল নগরের সোনাডাঙ্গা এলাকায় পুলিশের সঙ্গে জামায়াত-শিবিরের কর্মীদের কয়েক দফা সংঘর্ষ হয়েছে। স্থানীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্সের সামনে সকাল সাতটা থেকে আটটা ১০ মিনিট পর্যন্ত শিবির ঝটিকা মিছিল বের করে। এ সময় তারা গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধের চেষ্টা করে। পুলিশ বাধা দিলে তারা পুলিশকে লক্ষ্য করে ককটেল ও ইটপাটকেল নিক্ষেপ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও শটগানের গুলি ছোড়ে।
সোনাডাঙ্গা থানার সহকারী কমিশনার (এসি) জোবায়ের হোসেন জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ১০২টি গুলি ও কাঁদানে গ্যাসের তিনটি শেল নিক্ষেপ করেছে। তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি। ঘটনাস্থল থেকে পাঁচজনকে আটক করা হয়েছে।
তবে শিবির দাবি করেছে, এ ঘটনায় তাঁদের সাত কর্মী গুলিবিদ্ধসহ ১২ জন আহত হয়েছেন। এদিকে সন্ধ্যায় ফুলতলা উপজেলার এম এম কলেজের সামনে গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ ও তিনটি বোমার বিস্ফোরণ ঘটান অবরোধ সমর্থকেরা। পুলিশ ঘটনাস্থল থেকে একটি বোমা উদ্ধার করেছে।
ডুমুরিয়া (খুলনা): উপজেলার চুকনগর-যশোর সড়কে নর্ণিয়া এলাকায় গতকাল সকালে অবরোধকারীরা টায়ার জ্বালিয়ে ও গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করেন। পুলিশ সকাল ১০টার দিকে ঘটনাস্থলে গিয়ে সড়ক সচল করার উদ্যোগ নিলে শতাধিক নারীসহ অবরোধকারীরা দা-লাঠি-ইট নিয়ে পুলিশের ওপর হামলা করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ গুলি চালালে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। দেড় ঘণ্টা ধরে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষে পুলিশ সদস্য মাসুদ রহমান (৪৮) ও কিছলু রহমানসহ (৩২) অন্তত ছয়জন আহত হন। ঘটনাস্থল থেকে পুলিশ চারজনকে আটক করেছে।