পুলিশের সঙ্গে টহলে গিয়ে মজুরি পান না চালক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীতে পুলিশের সঙ্গে টহলে গিয়ে প্রতিদিন অন্তত ২০ জন হিউম্যান হলারের চালক শূন্য হাতে বাড়ি ফিরছেন। সারা দিন খাটিয়ে তাঁদের খাওয়ার জন্য ৫০ টাকা দেওয়া হয়। এর বাইরে তাঁদের কোনো পারিশ্রমিক দেওয়া হয় না।রাজশাহী মহানগর পুলিশের যানবাহন শাখা সূত্রে জানা গেছে, পুলিশ টহলের জন্য প্রতিদিন ২০-২২টি হিউম্যান হলার ধরা (রিকুইজিশন) হয়। হরতালের দিনে এই সংখ্যা আরও বাড়ে। গতকাল সোমবার হরতালে টহলের জন্য রাজশাহী নগর থেকে ৫৫টি হিউম্যান হলার ধরা হয়। মহানগর পুলিশের ট্রাফিক পরিদর্শক রাস্তা থেকে হিউম্যান হলার ধরে পুলিশ লাইনে পাঠিয়ে দেন।রাজশাহী হিউম্যান হলার মালিক সমিতির সাধারণ সম্পাদক গোলম মর্তুজা জানান, একটি গাড়ি সারা দিন রাজশাহী থেকে পুঠিয়ার বানেশ্বর পর্যন্ত যাত্রী পরিবহন করে। সারা দিনে একটি গাড়ি গড়ে দুই হাজার টাকা আয় করে। অন্যান্য খরচ মিটিয়ে মালিক ৮০০-১০০০ টাকা পান। রিকুইজিশন করা গাড়ির মালিককে আট লিটার পেট্রলের দাম দেওয়া হয়। পেট্রলের দাম নিতে গেলে পাম্প মালিকেরা লিটারপ্রতি কিছু টাকা কেটে রাখেন। পাওয়া যায় প্রায় ৭২০ টাকা। হিউম্যান হলারগুলো সিএনজিতে (রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস) চলে। তাই জ্বালানি খরচ বাদ দিলে মালিকের কিছু থাকে। কিন্তু টহলে গেলে চালকের ক্ষতি হয়। সারা দিন যাত্রী পরিবহন করতে পারলে চালকেরা অন্তত ৫০০ টাকা আয় করতে পারেন।গত রোববার দুপুরে রাজশাহী নগরের আদালত এলাকায় হিউম্যান হলার স্ট্যান্ডে গিয়ে কয়েকজন চালকের সঙ্গে কথা হয়। নাম প্রকাশ করতে চান না এমন একজন চালক বলেন, ‘এমনিতেই সংসার চালাতে হিমশিম খেতে হয়। তার ওপর সপ্তাহে এক-দুদিন যদি পুলিশের টহলে যেতে হয়, তাহলে বাঁচা যায় না। আরেকজন চালক বলেন, ‘যেদিন পুলিশ টহলের ডাক পড়ে সেদিন ধরেন আমহারে জেল খাটা। কথা বলতে গেলেই পুলিশ বলে, যেটি সরকারি বাজেট সেটিই তোমরা পাবে।’একজন সুবেদার পুলিশের যানবাহন শাখায় এই তেল বরাদ্দের দায়িত্বে থাকেন। সুবেদার আবদুল কুদ্দুস বলেন, হরতালের দিনে পুলিশের সঙ্গেই চালকদের নাশতা দেওয়া হয়। অন্য দিন তাঁদের জন্য নাশতার বরাদ্দ থাকে না। সারা দিনের খাওয়ার খরচ বাবদ ৫০ টাকা দেওয়া হয়। এই অল্প বরাদ্দ নিয়ে তাঁরাও চিন্তিত। কিন্তু সরকারি বরাদ্দের বাইরে তাঁরা কিছু করতে পারেন না।চালকেরা জানান, যেদিন টহল পড়বে তার আগের দিনই তাঁদের গাড়ি ধরা হয়। রাত ১০টার মধ্যে গাড়ি পুলিশ লাইনে রেখে সেখানে সারা রাত গাড়ির ভেতরে কাটান। সকালে তাঁদের হাতে দিনের খাবার বাবদ ৫০ টাকা করে ধরিয়ে দেওয়া হয়। চালকেরা বলেন, সকালের নাশতাতেই ২০ টাকার বেশি খরচ হয়ে যায়। বাকি টাকায় আর দুপুরের খাবার হয় না। নিজের পকেট থেকে খরচ করে খেতে হয়। এক রাত এক দিন গাড়িতে কাটিয়ে ফিরতে হয় শূন্য হাতে।