পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে নিহত ২, গ্রেপ্তারআটজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম শহরতলির সিটি গেট এলাকায় পুলিশের সঙ্গে ডাকাতের ধস্তাধস্তির ঘটনায় দুজন নিহত হয়েছে। এ সময় অস্ত্রসহ আরও আটজন গ্রেপ্তার হয়। গত সোমবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।

নিহত দুই ডাকাত সদস্য হলেন মোহাম্মদ সেলিম ও মোহাম্মদ মানিক। ঘটনার পরই সেলিমকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। আর গতকাল মঙ্গলবার ভোর সাড়ে ছয়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মানিক। গুরুতর আহত আরও দুজন পুলিশি পাহারায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তাঁরা হলেন হাসান (২৬) ও লিয়াকত (২৪)।

গ্রেপ্তার হওয়া অন্য ছয়জন হলেন ডাকাতসর্দার বেলাল হোসেন, মোহাম্মদ সুমন, সেকান্দার বাদশা, মো. ওসমান, সাইফুল ইসলাম ও মো. ইসমাইল। এ সময় তাঁদের কাছ থেকে বিদেশে তৈরি একটি এলজি,  একটি ছোট একনলা বন্দুক, ১০টি তাজা গুলি, একটি গুলি খোসা, একটি কাটার, তিনটি ছোরা উদ্ধার করা হয়।

অভিযানের সময় ধস্তাধস্তিতে পাহাড়তলী থানার উপপরিদর্শক নুরুল ইসলাম ও আবদুল আলীম জখম হন। তাঁরাও প্রাথমিক চিকিৎসা নেন।

সূত্র জানায়, সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে আন্তজেলা ডাকাত দলের সর্দার বেলাল হোসেনের নেতৃত্বে একদল ডাকাত সিটি গেটের অদূরে সশস্ত্র অবস্থায় অবস্থান করছিল। খবর পেয়ে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গেলে দুই পক্ষের মধ্যে ধস্তাধস্তি হয়। এ সময় ডাকাতেরা ছোরা নিয়ে পুলিশের দিকে তেড়ে আসে।

নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (পশ্চিম) আরেফিন জুয়েল বলেন, ‘ডাকাতসর্দার বেলালের সশস্ত্র অবস্থান জানতে পেরে আমরা অভিযান শুরু করি। কারণ, বেলালের বিরুদ্ধে ছয়-সাতটি ডাকাতির মামলা আছে। গত বছরও চট্টগ্রাম নগরে দুর্ধর্ষ তিনটি ডাকাতির ঘটনার নেতৃত্বে ছিলেন বেলাল।’

আরেফিন জুয়েল আরও বলেন, ‘আমরা চারদিক থেকে ডাকাতদের ঘেরাও করে ফেললে তারা একটি গুলি ছোড়ে। আমরা গুলি না ছুড়েই তাদের প্রতিহত করার চেষ্টা করি। এতে আমাদের সঙ্গে ডাকাতদের ধস্তাধস্তি হয়। এর মধ্যে দৌড়ঝাঁপ দিয়ে পালানোর সময় নিজেদের ছোরার আঘাতে চারজন আহত হয়। তাদের মধ্যে দুজন মারা যায়। অন্য দুজন চিকিৎসাধীন।’

গতকাল নগরের আকবর শাহ থানায় হত্যা, অস্ত্র আইন, ডাকাতির প্রস্তুতি ও পুলিশের ওপর হামলার ঘটনায় পৃথক তিনটি মামলা হয়েছে বলে আরেফিন জুয়েল জানিয়েছেন।